ফ্যা শ ন

অনুক্তা ঘোষাল

anukta

নববর্ষের ফ্যাশন? শাড়ি ছাড়া আর কী হতে পারে?

‘নিউ ইয়ার’ নিয়ে বাঙালী যতই মাতামাতি করুক, বাংলা নববর্ষের গুরুত্ব কিন্তু তার কাছে কিছু মাত্র কম নয়। আর তাই নববর্ষের দিনটায় ঠিক কীভাবে সাজা যায় তা নিয়েও তাদের চিন্তার অন্ত নেই। নববর্ষের সাজগোজে বাঙালিয়ানার ছোঁয়া তো আবশ্যিক। আর তাই অধিকাংশই এইদিন ট্র্যাডিশনাল পোশাকেই নিজেকে সাজাতে বেশি পছন্দ করেন।

পুরুষরা বেছে নেন পছন্দসই পাঞ্জাবি আর মহিলারা শাড়ি। আর অধিকাংশ মহিলার প্রথম পছন্দ জামদানি। তবে জামদানি ছাড়াও আরও অনেক ধরনের শাড়ি আছে, যেগুলো আপনার নববর্ষের ফ্যাশনে অনায়াসে এনে দেবে অন্য এক মাত্রা ।

চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ চড়বে আরও। এরকমই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই তাপমাত্রার কথা মাথায় রেখেই বেছে নিতে হবে পছন্দসই শাড়ি যা একদিকে যেমন আরামদায়ক হবে তেমনই অন্যদিকে অনায়াসে নজর কাড়বে সকলের।

শাড়ি বাছার ক্ষেত্রে প্রথমেই নজর দিতে হবে ফ্যাব্রিকের দিকে। এই সময়ে দিন বা রাতেরবেলায় ভারী শাড়ি এড়িয়ে যাওয়াই ভালো। পরিবর্তে হালকা ফ্যাব্রিকের শাড়ি বেছে নেওয়াই শ্রেয়। যেমন— মোডাল সিল্ক, বিষ্ণুপুরী সিল্ক, মালবারি সিল্ক ইত্যাদি।

আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় বর্তমানে ট্রেন্ডিং ফ্লোরাল মোটিফ বিশেষ ভাবে চর্চিত হচ্ছে। দেশি ফ্যাশনেও কিন্তু ফ্লোরাল স্টাইল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাই নববর্ষের দিন শাড়ি পরার ক্ষেত্রে অনায়াসে বেছে নেওয়া যায় একটা অসাধারণ ফ্লোরাল প্রিন্টেড শাড়ি।

লোটাস হোক বা শিউলি ফ্লোরাল মোটিফের যে কোনো শাড়িই নববর্ষের জন্যে পারফেক্ট। ফ্লোরাল এমব্রয়ডারি হোক বা প্রিন্টেড শাড়ি— মানানসই ব্লাউজ দিয়ে স্টাইল করলে চোখ ফেরানো যাবে না চট করে।

আর লাল পাড় সাদা শাড়ির কথা না বললেই নয়! বাঙালির যেকোনো অনুষ্ঠানে এই শাড়ি সবসময়ই হিট! ট্র্যাডিশনাল লাল পাড় সাদা শাড়ির বদলে একটু অন্য ধরনের সাদা শাড়িও বেছে নেওয়া যেতে পারে। সাদা শাড়ির উপর লাল এমব্রয়ডারি বা প্রিন্ট করা থাকতে পারে।

আবার লাল শাড়ির উপর সাদা দিয়ে নকশা করা শাড়িও পরা যেতে পারে। পচমপল্লী শাড়ি এখন খুব ট্রেন্ডিং। তাই লাল-সাদা পচমপল্লী শাড়ি পরে এই পয়লা বৈশাখে আপনি অনায়াসে হয়ে উঠতে পারেন শো-স্টপার।

পোশাক– আভূষণ

মডেল– অনুক্তা ঘোষাল, অনুষ্কা দাস, পুনম দাস (আভূষণের কর্ণধার)

ছবি– পাপাই প্রামাণিক