“গল্প শেষ হবার দুঃখ আমি আর নেব না”; আকাশ ঠোঁট নামিয়ে আনলে, নদী অল্প সরে গিয়ে মেদুর চোখে বলে ওঠে। সামান্য ঝুঁকে পড়ে আকাশের মাথায় হাত বুলিয়ে বলে, “এই নিলাম অনুমতি, এবার আসি?”
পেরিয়ে যায় বুলবুল, আয়লা, আমপান, পেরিয়ে যায় করোনা বছর। মরা ক্ষেত জেগে ওঠে লক্ষীর পদধূলিতে, বর্ষায় উথলে ওঠে নদীর দুকূল। পাড় জেগে থাকে সারারাত দুর্নিবার তুফানের অপেক্ষায়।
গল্প তবু ফুরোয় কই? ফের ছাতিমের গন্ধে আকাশ মুখ ভার করলে, নদীর প্রতিরোধ ভেঙে পড়ে। ঝাপসা চোখ বুঝে ফেলে, প্রত্যাখ্যান সহজ হবে না। কে যে কখন কার নোনাধরা অ্যালবামে ঢুকে পড়ে, নিটোল দেয়াল টেরও পায় না। এই নাছোড় বশ্যতা, এই অপারগতা, পূর্ব নির্ধারিত?
শব্দ
এখানে বাঘের ভয় নেই, শব্দের আছে। সজোরে গভীর রাতে দরজা খুলে যায়। এত জোরে গাড়ি যায় যে মনে হয় এক্ষুনি কেউ চাপা পড়বে। অদ্ভুত সব পুরোনো শব্দ পোষা বেড়ালের মতো পথ চিনে চলে আসে। এইমাত্র বারুইপুরের পাখিবাজারের পাখিগুলোর ডানার ঝটপট শুনতে পেলাম। দিদা লাঠি হাতে রিক্সা থেকে নেমে কলিংবেলে হাত রাখল; ট্রেনের অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে, এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কিছুক্ষনের মধ্যেই ব্যারাকপুর লোকাল ছেড়ে যাবে। মাঝরাতে কাপ, ডিশ, প্লেটের আর্তনাদে পা পড়লে বেড়াল কেঁদে ওঠে তারস্বরে, হুড়মুড়িয়ে মাটি ফুঁড়ে জলের স্রোত …
এই বাড়িতে কোনো ভিতরের ঘর নেই, কোথায় ঘুমোই বলো তো মা!