আমাদের জীবন
যন্ত্রণাকাতর পাখিটি মরুভূমিতে আরো কাতর হয়ে পড়ছিল
বাতাসে উড়িয়ে দেওয়া একটি গান তার
মরূদ্যান যেমন
পানিবাহকেরা বলাবলি করছিল
পাখিটি ক্রমশ নিচে নেমে আসছে উড়তে উড়তে
আহা কী হৃদয়বিদারক তার এই গান
তার ডানায় ভর করা আশা শেষ অবধি স্বপ্নই
(আমাদের নিয়তি যেন কালো মুখোশে ঢাকা)
আগামীকাল বা পরবর্তী সময়ে যে সব দেশগুলি গড়ে উঠবে
সেই সমস্ত শহরে আমরা একই প্রার্থনা করেছিলাম
গ্রামে গ্রামে আমাদের পূর্বপুরুষের মিথগুলোকে উপস্থাপন করেছি
আমাদের হতাশা আমাদের জীবন আমাদের মৃত্যু প্রেরণ করেছি
কোনো এক রক্তদাতার ভালোবাসার দাক্ষিণ্যে আমরা আত্মতৃপ্ত হয়েছি
আমার প্যারিসের ডায়েরি থেকে
আমার কাছে শুধুমাত্র তিরিশ সেন্ট পড়ে আছে
কেন জানি না দুনিয়ার সব কিছুতেই আমার হাসি পায় বা
পঁয়তিরিশ বছরের শিশু আমি নিজেকে নিয়েও হাসি কিন্তু আমি আশাবাদী।
জীবন তখন থেকেই কঠিন হয়ে উঠেছে যখন আমি সব নিন্দার থেকে পালিয়ে এসেছি
পৃথিবীর যে কোনো সংবাদপত্রের থেকেই কমিশন পাবার মতো বিক্রিবাটা বন্ধ করে দিয়েছি
বামপন্থী পুস্তিকাগুলির বিষয়ে বিশেষভাবে সিদ্ধান্ত নিয়ে
আমি কিস্তিতে কিস্তিতে মৃত্যু গুণছি
অনাহারের খাদ্যতালিকা জেনে
এবং দীর্ঘদিনের ভাড়া বাকি রেখেছি।
নিশ্চিতভাবেই এটা জীবনধারণের কোনো উপায় নয়
নির্দয় দিনগুলিকে সামলানোর জন্য প্রস্তুত সেনাবাহিনির কাছে
আরো উন্নত যাপনের জন্য স্লোগান ফেরি করি
কিন্তু সংগ্রাম চলবেই
এবং আমরা স্বপ্নেও অজস্র নতুন রণাঙ্গন উন্মুক্ত করব