সকলে যেভাবে যায়, অথবা যেভাবে থাকে
আমি তার কতটুকু জানি
ফাঁকা আয়নায় ভেঙে পড়ার শব্দটুকু আগলে রেখে
বহুবার মুখোমুখি হয়েছি, ঝর্ণার শব্দে সম্বিত ফেরার আগে
শুধু একবার তাঁর মুখ দেখে ফেলার অপরাধে
দিগন্তের ধারনায় তাকিয়ে থেকেছি শূন্যে
আমার শূন্যের অধিকারটুকুও খোয়া যাবে একদিন
আমাদের চন্দনপুর যাওয়া হবে না কখনোই
আমরা গিলে ফেলব এই অর্বাচীন মুখোমুখিগুলো
অথবা ভুলে যাব, জানলা বন্ধ করব
ফিরে যাবে স্নানরত দুপুর
এসব তবু লিখে রাখবার মতো কিছু নয়
আমি বারবার একই শব্দে ফিরে যেতে চেয়েছি
আর পুনরাবৃত্তি হবে বলে চলে যেতে চেয়েছি সমুদ্র
একটানা কথা বলে, বোতামঘর পাল্টে ফেলে
কোনও নাটকীয়তা নয়, আমি চেয়েছিলাম নির্লিপ্তি এক
চেয়েছিলাম সি-বিচে ফেনার ওপর দাঁড়িয়ে থেকে দেখতে
কতটা বালি ফিরে যায় প্রতি ঢেউ-এ
কতটা লেগে থাকে বোকামির মতো, অধিকারে