শেষটুকু
তবুও তো শেষ হয়ে আসছে পথ–
ভুল গলিতে এঁকে রাখছি অশান্ত পরিধি
ফ্যাকাসে ঠিকানা, বিষাক্ত সাইরেন।
ছিঁড়ে ফেলা ফুলের গন্ধটুকুর মতো
ভেসে আসছে তোমার অস্পষ্ট মুখ…
মনে পড়ছে মুখচোরা হাওয়ার মতো
থেমে যাওয়া আমাদের যোগাযোগ।
এর বেশি আর ভাবতে পারছি না কিছুই!
কখন, কাকে, কতটুকু, কী দিয়েছি
ভুলে গেছি সব
ভুলে গেছি, কত অভিনয়ে ঢাকা পড়ে গেছে
আমাদের গোপন অসুখ।
সহজ কথার মতো জটিল হয়ে গেছে পিছুটান
ধুলো জমে পড়ে আছে শুধু আমাদের একরাশ অভিমান।