Skip to main content

Hello Testing

দু টি  ক বি তা

ম ণি দী পা &nbsp বি শ্বা স &nbspকী র্ত নি য়া

বিফল হারমনিয়াম

আমি সেই বিফল হারমনিয়াম
প্রেমের অভিনয়ে রোজ হাত বোলাই রিডে
গপ্পো বানাই দুঃখের
বলি সে ছিল ফেরেশতার মতো সুন্দর
স্ত্রীলোকরা চমকে উঠত তাকে দেখে
কুটনো কুটতে বটিতে হাত কেটে যেত
রক্ত আর মেহেন্দির ছবি আঁকত
তারা হাতের পাতায়
সেই সব চিকন আলোর প্রজাপতি
তুলোর আঁশের সাথে উড়ে যেত রক্ত মেঘে

লেডিস হস্টেলের নিচে ইউসুফ দাঁড়ালে আজও
ফুঁপিয়ে ওঠে দস্তান
চুল খুলে দেয়  মেয়েরা
লম্বা স্বপ্ন বেয়ে উঠে আসে প্রত্যেক জানলায়
আইবুড়ো সুপারের মুখ থমথম করে যখন
গলা সাধে বিফল হারমনিয়াম
অন্ধকার জ্বাল দিয়ে সুরের ক্বাথ
মেয়েরা ভরে রাখে রাতের বয়ামে
স্বপ্ন দেখে বয়াম খুলে চাঁদের সাবান হাতে
ওই চলে যাচ্ছে ইউসুফ ছবির ভেতর
মিনিয়েচারে হেসে উঠছে মিথ ও জুলেখা…

চিরপথ

হাততালি থামতেই গুঞ্জন শুরু হল
কাঠের সিঁড়ি ধরে নেমে এলেন যখন
কোনাকুনি আলো এসে পড়লো
চশমার ঘোর কেটে গেল তক্ষুণি
ফাঁকা সিটগুলোও ভরে উঠলো ফের
হ্যাপি এণ্ডিং পছন্দ যাদের,আজন্ম বৃষ্টি দ্যাখেনি
বাতিল টিকিটের সাথে রেখে দেয় অমর চিত্রকথা,
গ্রীষ্মকাল,ডায়ানা পামারের সোনাবেলা..
বনফায়ার ভেবে ঘুমিয়ে পড়ে মঞ্চের ধারে
দূরপাল্লার গাড়িও রওনা দেয়
প্লাটফর্ম থেকে নেমেই ছুটতে শুরু করে
মোরামের রাস্তা,নিচু স্টেশনবাড়ি
অপেক্ষায় বাঁধানো এক কৃষ্ণচূড়া
জানতে পারে না ঘুমের বার্থ থেকে একটু দূরেই
থেমে আছে শ‍্যাওলার ভাঙা ঘাট
কপ্পুর জ্বালানো প্রদীপ ভেসে যাচ্ছে একলা
সরু তেলের বাতি হাতে এ গল্পও তবে রওনা হল
পাথুরে জলের চিরপথ…
পৌঁছবো বলে যেখানে শুরু করেছিলাম আমরা…