দু টি  ক বি তা

স প্ত শ্রী &nbsp ক র্ম কা র

অলীক শহর

বয়স তেরো হতেই
মা আমাকে ফ্রক পরতে দেয়নি,
তাই বাড়িতে সবাই
পূজোতে থ্রি পিস উপহার দিত,
না বুঝে আমিও পরতাম আনন্দে

এখন আমি শাড়িতেই অভ্যস্ত,
কিছু নীল চোখ বাসস্টপে, পার্কে, রাস্তায়
অনামী ইচ্ছে নিয়ে তাকায়–
দরজার সামনে কেউ এসে দাঁড়ায়

ক্ষুধার আরেক নাম পুরুষ!
এসব উৎকন্ঠা ঘুম কেড়ে নিলে
লিখে ফেলি কিছু দুর্বোধ্য কবিতা

অলীক শহরে
কামুকেরা কবিতা এড়িয়ে যায়

 

ঋতুমতী

বাউন্ডুলে দুপুরে যখন বসে
দেখি বেগুনি কালেম পাখি
শ্যাওলামাখা বাগানে পায়ের
ছাপে আলপনা এঁকে দেয়

নষ্টা অনুভূতিগুলি বারবার
বাধ্য করে
সুড়কি হাতে ঢিল ছুঁড়তে ,

কিন্তু জ্বরে পুড়ে যাওয়া ভেজা মাটিতে,
ভুল রাতের সঙ্গমে জন্মান
ফলগুলি বিছিয়ে রাখি সযত্নে–
প্রশয়ে যেন ওরা ঋতুমতী হয়ে আসে