২১ শে ফেব্রুয়ারি বা ১৯শে মার্চ : তোমাকে
তুমি দেবী চৌধুরানী, আমি ব্রজেশ্বর
আমি তোমার আশকারাতে চণ্ডাল, বর্বর
তুমি আমার গোসল-পানি, আমি কানের দুল
তুমি আমার বেগুন দিয়া ইলশা মাছের ঝুল
তুমি আমার নারায়ণগঞ্জ, আমি রমনার মাঠ
আমি সারেং, অপেক্ষাতে তুমি স্টিমার-ঘাট
তুমি আমার কুণ্ডলিনী, আমি তোমার পীর
তুমি হইলে জয়নাব আর আমি যুধিষ্ঠির
ভালোবাসবো সুফি মতে, বিয়ে করবো কন্ঠী
বদল করে, যদি আমায় পুরুষ ভাবো অন্তিম
কে ঈশ্বর? পাত্তা দিই না, অন্ন আজো ভূমা
ফজর কালে সোহাগ করি, আহ্নিকে দিই চুমা
তোমায় দেখে অন্ধ ভোলা, উন্মাদ অ্যান্টনি
ঈশ্বরেরও অধিক তুমি, ঈশ্বরী পাটনী