Skip to main content

Hello Testing

গু চ্ছ ক বি তা

সা য় ন &nbsp ভ ট্টা চা র্য

আলপনা লেখা ঘর

১
 
আলতা ভরা পায়ে তোমার পা রাখতেই 
একটা গোটা কাপড়ের উপর লেখা হল পথ
ঘর ভরে গেল আলপনায়, ঘন হয়ে উঠলো
অনেক কলকা,রেখা আর কারুকাজে-
তোমাকে স্পর্শ করলো জল ভরা মেঘবাড়ি
pujo_16_sketch2
২
 
একটা ভাঙা কলসির অনেকগুলো টুকরো
এদিক ওদিক থেকে নিয়ে এসে; বিছানার পাশে
অমৃতা বসলো – তারপর কিছু লন্ডভন্ড পাতা,
শব্দ,স্তবক নিয়ে এক জায়গায় রাখা হলো
আগামীকাল ঘর ঝাঁট দেওয়া হলে রাস্তায় গিয়ে গড়াগড়ি খাবে সব, 
তখন তো আবার এক রক্তারক্তি কান্ড ঘটে যাবে!
 
pujo_16_sketch2
৩
 
ছেঁড়াফাটা জামাকাপড়গুলো সব 
এক অতল খাটের নিচে ফেলে দিলাম
এখন তুমি ছিঁড়ে যাওয়ার কারণগুলো 
নিয়ে সাবধান করো…
হঠাৎ পার্কের মাঠে হেসে ওঠে শিশুর টোল খাওয়া গাল
 
pujo_16_sketch2
৪
 
এখন আর আমাকে মাটিতে ঘুমাতে হয় না,
ঘর ভরে উঠেছে বিছানায়
এখন আমরা গল্প করার সময় ঘড়ি দেখি না,
ঘড়িটা কাঁদে আর আমরা হাসি,
কিছুক্ষণ পর থেকে রাস্তার একটা একটা করে
আলো বুজে আসে – তোমার চোখের মতো 
তখন হঠাৎ খাতা খুলতেই দপ্ করে জ্বলে ওঠে যজ্ঞের আগুন
pic333
৫
 
বল্লভপুর ডাঙার এক ভিটের উপর দেখি
ধ্যানের জন্য প্রস্তুত হচ্ছেন গৌতম বুদ্ধ
কিন্তু কিছুতেই তাঁর চোখ বন্ধ হচ্ছে না
লাল কাঁকরে ভরে যাচ্ছে চিবরের প্রতিটি ভাঁজ
এমন সময় পূর্ণিমা নাট্যগ্রামে চাঁদ নেমে এলো
মুখ আঁকা হাঁড়ির উপর,
এমন সময় চুপ করে দাঁড়িয়ে খেয়াল করতে হয়
পৃথিবীর জন্য অন্য এক নন্দনকাননের বীজ কেঁপে ওঠে তোমার গর্ভে। 
pujo_16_sketch2
৬
 
উন্মাদনার আগুনে যখন ঘরগুলো
জ্বলে পুড়ে মরে, তখন আর নারী নয়,
পুরুষ নয় – বৃষ্টি হয়ে ওঠার সময়
আগুনের আত্মজীবনীর বিরুদ্ধে লেখা থাক
লাখো লাখো জলের ফোঁটা দাগ
সেই মাটি, সেই ঝাঁকড়া গাছ, সেই সব
আগুনের ফুলকির ছিঁটে দাগে 
কালো পোড়া শরীরের বিরুদ্ধে
কাঁকাল ভূমিরূপ মাটির পাদদেশ
প্রতিটা কোণায় কোণায় লেগে আছে তাপ আর গন্ধ
এবার আস্তে আস্তে তোমার হাত ধরতেই
শুধুই ভেসে উঠছে মানুষের উৎসব
pujo_16_sketch2
[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...