অনার্য বালিতে হ্যামলেটকে নিয়ে বসে আছে কারামাজোভ ভাইয়েরা
তারা পেরিয়ে এসেছে চান্দ্র-অভিযানের মিথ
মশালহীন যে অন্ধকার প্রস্তরযুগে মিশে গেছে
ইতিহাস লুকিয়ে সেই মশাল ছুটছে ইতিহাস ছাড়াই। কেননা—
মানুষ যেখানে শেষ, সেখানেই শিখা জ্বলে ওঠে।
গত জন্মের গভীরে যাও, আরো গহীনে
স্তব্ধতায় শোনো ভস্মকীটের অনুবাদ
শতকোটি মানুষ তাদের মুখ বুজে বোবা হয়ে গেছে।
শৈশব বিষয়ক
শৈশবের নীচু আকাশের প্রান্তরগুলিতে শৈশব ছাড়া আর কিছুই নেই! জেনকিন্স স্কুল ফেরতা
পদচিহ্ন ও ধুলোয় শূন্য মরিচা পড়া, রাসমেলা মাঠের অবসরে কিছু নেই, জং ধরা অবসরের ওপাশেও কিছু নেই, সরল বন্ধুতাতেও কিছু নেই, বন্ধুতার পাশেও কিছু নেই, কিছু নেই ছুটির দিনের ছুটিছুটিতে, কিছু নেই মোগলি-তে, কিছু নেই আয়নায়, কিংবা আয়নার ওপাশে লেডিবার্ড সাইকেলে।
শুধু শৈশব ছাড়া।
কেননা
শৈশব হলো আকাশ আর দিগন্তের মাঝখানের নিঃসঙ্গতা, নামহীন যার কোনো গন্তব্য নেই।
ভবঘুরে মেঘের মতন আসলে আমরা খুঁজতে ভালবাসি আমাদের শৈশবকেই।