Skip to main content

Hello Testing

দু টি  ক বি তা

কু ণা ল &nbspদা শ

জানি না

আমার যে কী হবে, জানি না!
সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলেছি—
পরবর্তী স্টেশন কী
প্ল্যাটফর্ম কোন দিকে —জানি না।
মাকড়সা যেমন ডিমভর্তি থলি
বুকে নিয়ে ঘুরে বেড়ায়
আমিও তেমনি একটা খটোমটো জীবন
প্রসব করে বয়ে চলেছি
জানি না আর কতদিন বইতে হবে।
এই সেদিন আমি কাঁদতে চেয়েও কাঁদতে পারিনি
এই সেদিন ভুলে গিয়েছিলাম বাড়ির ঠিকানা।

রাস্তায় ঘুরতে ঘুরতে
কোনদিন না ভুল রাস্তায় চলে যাই।

 

অপেক্ষা

আমার কাছে কেউ আসে না।
জ্যোৎস্নায় যে-পথে ডালপালাদের
কালো হিজিবিজি ছায়া—
সে পথের ছায়া মাড়াতে কে আসবে!
তবু ওয়েট করি…
ভোর হয়ে যাওয়ার পরেও
যে-নক্ষত্র জ্বলতে থাকে
তার মতো অবান্তর আমার অপেক্ষা।
কেউ কখনও পাশে বসে হঠাৎ হাত বাড়িয়ে
সবিস্ময়ে কোনও দৃশ্য দেখায়নি
কেউ কখনও আমাকে কানে কানে কিছু বলেনি।
নিজেকে ছাতার মতোন খুলে
এমনভাবে আটকাই
যাতে খোলাই থেকে যাই।
আমার সমস্ত অপেক্ষার শেষে
কী আছে অপেক্ষা করে কী জানি!