Skip to main content

Hello Testing

দু টি  ক বি তা

শ্বে তা &nbspচ ক্র ব র্তী

দেব-চুম্বিত দু-চার লাইন

কোন সে অন্যের বাগানে পিষে গেল ধূসর প্রজাপতিটি…
তোমারও বাগান ছিল, দুটি পা ছিল দেব-চুম্বিত, মেধার্ত ওজন—

আমার সলীল ডানাদুটি, হায়…

 

হেমন্তের পথ ধরে চলতে চলতে মনে হয়
বসন্তে উষ্ণতার ততটা দরকার নেই,
যা হেমন্তে অধিক দরকার।

তবুও হেমন্ত আজও অবসন্নতার কাল…

 

মহাবালেশ্বরের নির্জন বনপ্রান্তরে যে মেয়েটি

একা একা গান গেয়ে ঘোরে, তার কাছে পুরুষ যেও না…
পরির রাজ্যে পুরুষেরা চিরকাল অনধিকারীই!

 

আঙুর-পাতার ফাঁক দিয়ে আসা বিকেলের পাহাড়ী আলোয়

তোমার মুখ, তামা-প্রবাহের মতো চুল, আশ্চর্য চোখের সুগন্ধে

একদিন ডুবে যেতাম কোনো জন্মে…

 

চিঠি দিও। যে চিঠি কোনোদিন পৌঁছবে না।

আসবে আসবে ভাবতে ভাবতে অন্যমনস্কতায়

কেটে যাবে একটা জীবন, মৃত্যুভয়হীন…

 

কোনোদিন দুঃখ পাওনি?
তবে তুমি কোনোদিন প্রেমও পাওনি!

 

অত চিৎকার করে যেতে নেই। শান্তভাবে যাও।
সর্ষেক্ষেতের ওপর দিয়ে হেঁটে যেতে যেতে

আমি হলুদ হয়েছি, বিবাহ হইনি যেরকম, তেমন বীণায় বীণায়…

 

তুড়ি মারলে পুরুষ আসে!
মরে গেলেও ভালোবাসা আসে না!
অসুস্থ কোকিল মুক্তি দিতে জানে তাই।
প্রেম ছাড়া আর কিছু জমিয়ে রাখার যোগ্য নয়!

 

ভালোবাসতাম…
এটুকু কথার মধ্যে বর্তমান নেই,
সমস্ত জীবন রয়েছে…
খিদের পৃথিবীতে অতীতই হৃদয়, পারাপার…

 

১০

প্রতিটি শীতের রাতে একটি মমি জেগে ওঠে নীলনদের তীরে…
শরীর এখনো রয়েছে…
প্রাণ জাগবে না প্রেমিকের?