কো থা য়  কী

শিবু মণ্ডল

sibu2

হরিদ্বারে ২৫শে বৈশাখ

রবির ছবি নিয়ে চলে গেছে মালিক তার সফেদ কাপড়ে মুড়ে। ফুলমালা পড়ে আছে নির্জনে মন্দিরের চাতালে। গজ্জু ওর দুই চেলাকে নিয়ে সাউন্ড-সিস্টেমের তারগুলো একে একে গুঁটিয়ে নিচ্ছে। সাজানো বাল্বের আলোগুলিকেও তাদের ডাকনাম ধরে ধরে ঘরে নিয়ে যাবে সে । সেক্টর ফোরের শিব মন্দির চত্বরে দুটি পরিবার তখনও বসে আছে খোলা আকাশের নিচে। ভারতবর্ষের আকাশে এতো ঘন অমানিশার মধ্যেও ফুটে আছে কিছু তারা। মৃদু মন্দ হালকা হাওয়ায় আপন খেয়ালে দুলছে দীর্ঘদেহী শিমূলের পাতা। যে সন্ধ্যা আজ এই মন্দির প্রাঙ্গণে রচিত হল তা ঠিক হরিদ্বারের ভাবধারার সাথে যায় কিনা এমন প্রশ্নকে তুড়ি মেরে আমবাগানের মুকুলেরা বড় হবে। সেই ঘ্রাণই লেগে আছে ভাঙা মঞ্চে। এই মঞ্চ সাক্ষী থেকে গেল সুগন্ধি এক বাতাসের। আমাদের পরবর্তী প্রজন্মেরা আমাদের মতো বাংলা না জেনেও রবীন্দ্রনাথকে হৃদয়ে কীভাবে স্থান দিতে হয় দেখলাম আমরা সবাই। গীটার বাজিয়ে, কী- বোর্ড বাজিয়ে যখন তারা গলা তুলল- তোমার খোলা হাওয়া…লাগিয়ে পালে… আমরাও সবাই যেন ভেসে গেলাম, ডুবে গেলাম আমাদের রবি ঠাকুরে। অথবা পাঁচ-ছ বছরের তিনটি শিশু যখন প্রশিক্ষিত সুর-ছন্দে আবৃত্তি করল বীরপুরুষ কবিতাটি আমাদের মনের মাধুরিতে জেগে উঠল নাকি দূরের বাংলা মা অথবা বৃহৎ ভারতমাতা।

প্রবাসে আছি, এক বেদনা নিয়েই আছি। ক্ষণে ক্ষণে জেগে ওঠে কোন দুখজাগানিয়া। সে খবর কে জানে তুমি ছাড়া! তাইতো জাগিয়ে রাখো ভিন রাতে আর ভিন সকালে। সকল সুখে-দুখে তুমিই যে বসত কর প্রাণের ঠাকুর হয়ে। তা না হলে সেই অবসরপ্রাপ্ত পাণ্ডা’দার সেই আবেগঘন কবিতা পাঠ কি শুনতে পেত ভেলের বাঙালি সহকর্মীরা! লুকোনো এক আবেগ যেন ঢেউ পেল তার। এটাই তো চেয়েছিলাম আমরা , এই ঢেউ তরঙ্গ হয়ে মিশে যাক আমাদের পরবর্তী প্রজন্মে। বাংলা অক্ষরে না হোক ভিন অক্ষরেও সই, অন্তত তারা আমাদের হৃদয়ের খবর রাখুক। দেখুক কি বসত করে আপামর বাঙালি হৃদয়ে।

গীতে-নৃত্যে বাংলার কীর্তনের ভাবের মতোই তুমি হৃদয় লুটে নিলে আমাদের হে প্রবাসী ২৫-শে বৈশাখ! এখানে দুর্গা পূজা দেখেছি, সরস্বতী পূজা দেখেছি, এবার দেখলাম রবি ঠাকুরের পূজা! এ পুজায় নিবেদিত পূজারীরা শুধু কি বাঙালি? সাথে যোগ দিয়েছে যেমন মায়রা, সানভি র মতো অবাঙ্গালি ঘরের বালিকারা তেমনই কুশাগ্রর মতো স্থানীয় বালকও তবলায় সঙ্গত দিয়েছে রবীন্দ্রসংগীতে ! এ শুধু পূজা নয় সাধনাও বটে। একযুগের সাধ যেন পূর্ণতা পেল আমাদের প্রাণের ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তীতে!