দু টি  ক বি তা

গী তা &nbsp চ ক্র ব র্তী

সহ্য ১

সুতো একেবারে ছিঁড়ে গেলে

                চারিদিক থেকে কেবল শূন্যতা ঘিরে ফ্যালে—

সামনে কাউকে পেলে উগরে দেয় ভেতরের যত ক্ষোভ,

বেরিয়ে আসে কলোনির উপস্থাপনা,

তারকাচিত মেধার বাহবা জোটে পরিবেষ্টিত মন্ডলে।

জলের আন্দাজের চেয়েও তেলের পরিমান বেশী—

তা জানিয়ে দিচ্ছে শুষে টেনে নিতে গিয়ে নিঃশেষ হয়ে যাওয়া অবশিষ্টটুকু…

সব হারিয়ে শূন্য হৃদয় খাঁচার ভিতরে কাঁদে,

নিজের আঁচে রুটি সেঁকে

                     সহ্য করে সেই লোহার চাটু…

 

সহ্য ২

ম‍্যানহোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মেহনতির কোলাজ—

সম্পর্ক ছিঁড়ে যাচ্ছে অযুত অদ্ভুত ভাবনায়।

দিন গেঁথে নিচ্ছে জীবনমালা…

তবুও নিছক কতর্ব‍্যের এক বিনি সুতোর টান রেখে এগিয়ে যাচ্ছি,

হয়তো সহ্যের সীমান্তে ঈর্ষণীয় কপালের কাছে নতজানু

অতীত ঘেঁটে শিহরিত বারবার হারিয়ে দিচ্ছে উচ্চাশার লোভ 

                                  সি়ঁড়িতে পা দিতে না দিতেই।

 

আগামী কি অভিশাপের কাঠগড়ায় দাঁড়াতে পারে?

কর্মের ঋণ পরিশোধের শপথ করেছি আগুনের কাছে।

এবার দেউলিয়া হওয়ার সম্ভাবনা অস্বীকার করবার নয়…