Skip to main content

Hello Testing

দু টি  ক বি তা

আ র ফি না

arfina

অবলম্বন

অলীক চোরাপথে এলোমেলো হযে যাচ্ছে জীবন!
চাপা দীর্ঘশ্বাস।
হঠাৎ জেগে উঠি বিপন্ন মায়ার ভেতর।
চারিদিকে বারুদের গন্ধ, যেন পূর্ণতা নেই কোনোখানে।
একরাশ গ্লানি বয়ে আনে ঝড়ের খবর।
খুঁজতে খুঁজতে বড়োই দেরি হয়ে যাচ্ছে…
ভঙ্গুর অবলম্বন ছেড়ে ঝরে পড়া মন ঝড়ের ভেতর ডানা মেলে মানসিক আশ্রয়ের খোঁজে।
যেখানে তামাটে হাড়ের কোনো লেনদেন নেই।
আছে শুধু অপার প্রশান্তি, আশ্চর্য রকমের মজবুত আর নিবিড় সত্যের সুতোয় বোনা।

শেখা

আধেক আলো আর আধেক অন্ধকারের ভেতর
লুকোচুরি খেলতে খেলতে
কোনো এক বিরহী চন্দ্রের ভেতর
জেগে উঠি।
কুয়াশা জড়ানো ভোর, আর
পাথরে ঠোক্কর
খেতে খেতে গড়িয়ে যাই!

জীবন রক্তাক্ত, আহত বাঘিনীর মতো।
তার সবটুকু আকাশ জুড়ে মনখারাপের স্বপ্নেরা
মায়াময় হয়ে কাছে ডাকে,
বেঁচে উঠতে শেখায়…