Skip to main content

Hello Testing

ক বি তা

রবীনা মিত্র

rabina

বসন্ত-বিলাপ

এ ঋতুর কান্না কে শুনেছে?
পূর্ণচাঁদ তরল পারদের ওজন ঢেলেছে যে সমস্ত রঞ্জক-হাতে,
তাদের রূপোলী উঠোনের দীঘল শ্বাস ঘুরে গেছে
আগুন-পলাশের বন…

গুড়ো গুড়ো রঙে ঢেকে গেছে
দর্শন-অদর্শনের মাঝের জটিল, জলহীন প্রান্তর আর
আবছা জেগে থাকা প্রথম স্পর্শদাগের স্মৃতিজল…

এ ঋতুর ব্যথা কে বুঝেছে?

নিজেকে লিখে রাখি

নিজেকে লিখে রাখি কোমল অক্ষরে
যেভাবে পথের উপর জলের আলপনা অথবা
লাজুক প্রশ্ন রাখা থাকে চিঠির শেষ বাক্যে।

নিজেকে লিখে রাখি কঠিন বর্ণমালায়
যেভাবে বুকের মধ্যে টের পাই শীতল রক্তছলক
আর শরীর পেঁচিয়ে ধরে ঠান্ডা সরীসৃপ!

নিজেকে লিখে রাখি ছেড়া চিরকুটে
যেভাবে দেখেছি প্রেমিকের চোখের মতো
আলোছায়া দীঘি, নিঃশব্দে সেরেছি কথোপকথন…
তারপর ঘুমের আলপথ ধরে নেমে গেছি ব্যথার নিভৃত প্রান্তরে।

নিজেকে লিখে রাখি অবাক আয়না জুড়ে
জোনাকি-আলোর মায়ায় ভরাডুবি শহর যেভাবে
অদ্ভুত সুর রেখে যায় বিরহী বাড়ির বুকে…