বানটু রাজাদের প্রশস্তি
১।
সঙ্গে যাই মৃতদের
আমি নিজের সঙ্গী হই না।
আমি বোকা এমন কেউ যে বুদ্ধিমান।
আমি সিংহ যে থাবা টানটান করেনি কখনও।
আমার বাবা নেই মা নেই।
আমি ছিলাম।
২।
বৃষ্টির সন্তান আমি যে বৃষ্টি পূর্ব থেকে আসে মৃদু জল দেয়।
আমি বৃষ্টি যে মৃদু জল দেয়।
টাকমাথা ক’জন বুড়োকে ভিজিয়েছি।
আমি বিছানা যেখানে শুয়ে পড়ে মৃতরা।
মাঝে মাঝে কাজ করি, একবার জায়গা খুঁজেছিলাম
বেরিয়ে যাবার জন্য।
রেগে গেছিলাম।
পরে সিংহদের জঙ্গলে ঘুরে বেড়াই।
তোমাদের রাজা আমি।
৩।
আমি ছিলাম গাছ যার পাতা হারিয়ে গেছে।
শক্ত হয়ে গেছে চামড়া।
সরু কিছু ডালপালা পড়ে আছে জ্বালানির জন্য।
৪।
যা আমার নয় তাই আমি।
আমাকে কবর দিতে দেব না ওদের।
কাল দেখা করব আরেকজনের সাথে।
আমি মেরে ফেলেছি রাজাকে আর তার সন্তানদের।
এই দ্বীপ যার আমি মেরে ফেলেছি তাকে।
একসময় তার ভাইকেও মেরেছিলাম আমি।
৫।
আমি ভালবাসি।
আমি তন্নতন্ন করে বেড়িয়েছি এই দেশ।
আমাকে সম্মানিত করা হয়েছে জমি আর মানুষ দিয়ে।
যাদের ভেড়া আর ছাগল ঘৃণা করতাম আমি।
৬।
জঙ্গলের সিংহ আমি।
ভয় পাইনা ডাইনি বিদ্যায়।
শিকারকে মেরে আমি তার যৌনাঙ্গ খেয়ে ফেলি।
৭।
মাটিতে চোখ রেখে আমি খুঁজেছি
চালুনি থেকে পড়ে যাওয়া শস্যদানা।
আমি ছিলাম ক্ষুধা এই পরাজয়ের দেশে।
৮।
আমি সুন্দর আর পাতলা আমার চামড়া।
মৃত বাচ্চাদের নিয়ে যাওয়ার স্ট্রেচার আমি।
কবরখানার ভেতরে যাবার পথে আমাকে কেউ এড়াতে পারেনা।
মোষ আর আগন্তুকদের যুদ্ধে হারিয়েছি আমি।
৯।
দাগ দেওয়ার জন্য দক্ষতা আছে আমার।
আমার স্ত্রীর স্বামী। জামা গুঁজে পরিনা।
ছাগল-দাড়ির একজনের সঙ্গে ইয়ার্কি করেছি।
১০।
ঝুঁকে পড়া মানুষদের সাথে থাকতাম।
আমাকে শেখানো হয়েছিল।
খাড়া হয়ে দাঁড়িয়ে আছি।