Hello Testing

ক বি তা

কৌশিক সেন

kaushik

আতঙ্কবাদী

যদি বলো মেরে ফেলতে চাই, চাই

সুষুম্না কাণ্ডের ভিতরে ইনজেক্ট করতে চাই

স্বনির্বাচিত বাংলা কবিতাগুলি

 

বিরলে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ কে বলেছি

বজ্রপাত ডেকে আনতে,

সাপেদের খবর দিইনি এখনও

 

প্রশ্নের চারিদিকে ঘুরপাক খাওয়া চিলকে

এক লহমায় তুলে দিয়েছি

পোষা খরগোশগুলি

 

যদি বলো মেরে ফেলতে চাই, তাইই

বাংলা কবিতার গহ্বরে একটা

ডিটোনেটার ফিট করে এসেছি, এইমাত্র!

 

…সর্বনাশের আশায়

কান্নার পর রবীন্দ্রনাথের সাথে দেখা হয়নি আর।

বিদায়ের স্বরলিপি খুঁটে আঁক কেটে গেছি গীতবিতানে

সেলোটেপে বেঁধে রেখেছি গোপন অসুখ

 

লিপিবদ্ধ যা কিছু পেন্ডুলামের

সেখানে পুষ্পস্তবক রেখে দেখেছি, গড়িয়ে গেছে সকলই

পুড়িয়া করে বেঁধে দিয়েছি,

কাদম্বরী দেবীর আঁচলের খুঁটে।

 

বিরহ বলতে কিছু হয়না এখন।

এখন শুধুই শীৎকার বাজে পারকাশনে

বিজয় পতাকা উত্তোলন করেছি ঈশ্বরের নাভিতে।

 

যাই বলো, নক্ষত্র ঝরে পড়বার পর

আর কোনো কামনা নেই, এ জীবনে

শুধু অপবাদ আর অপবাদকে সঙ্গীত বলে বিশ্বাস করি আজকাল।

 

আর্তনাদের পর রবিঠাকুরের সাথে দেখা হয়নি আর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *