জি ভে জ ল
স্নেহা সাহা
'হাড়িভাঙ্গা মিষ্টি'
উপকরণ:
১ কেজি ফুল ফেট দুধ
১/২ কাপ চিনি (ক্যারামেল বানাবার জন্য)
২ কাপ চিনি
৬ কাপ জল (শিরা বানাবার জন্য)
১৫০ গ্রাম ছানা
৪ চামচ চিনি সাজানোর জন্য
১ চামচ পেস্তা গুঁড়ো ও চেরি কুচি
প্রণালী:
প্রথমে মিষ্টির ভিতরের পুর দেওয়ার জন্য ক্ষীর তৈরি করতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে ৫০০ গ্রাম দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একপাশে একটা প্যানে ১/২ কাপ চিনি ক্যারামেল বানিয়ে নিতে হবে। এবার দুধটাকে নাড়তে নাড়তে ঘন হয়ে আসলে শুকিয়ে ক্ষীর তৈরি করে নিতে হবে।
এবার উপকরণে দেওয়া পরিমাণ মতো ছানা নিয়ে হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে নিতে হবে মিনিট ৪-এর মতো। এবার ছানা থেকে ছোটো ছোটো লেচি করে হাতের সাহায্যে একটু লম্বা করে মাঝে একটু চেপে মিষ্টির শেপ দিতে হবে।
এবার মিষ্টির শিরা তৈরির জন্য একটা কড়াইতে উপকরণে দেওয়া পরিমাণ মতো চিনি ও জল দিয়ে ফুটে আসলে একে একে মিষ্টিগুলোকে দিয়ে কড়াই ঢাকা দিয়ে মিনিট ১০ ফুল আঁচে রেখে দিতে হবে। ১০ মিনিট পর ঢাকা খুলে গরম ক্যারামেল মিষ্টির মধ্যে ঢেলে দিয়ে আবার মিনিট ২০ মিডিয়াম আঁচে রেখে দিতে হবে।
৩০ মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে মিষ্টি হয়ে আসলে গ্যাস বন্ধ করে মিষ্টিগুলোকে ঘন্টা ৩ রেখে দিতে হবে।
ঘন্টা ৩ পর মিষ্টি গুলোকে শিরা থেকে চেপে চেপে বের করে একটা প্লেটে নিয়ে নিতে হবে।
তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দুধ ও চিনি দিয়ে দুধটা একটু ঘন হয়ে আসলে ক্যারামেল দিয়ে নেড়ে একে একে মিষ্টি গুলোকে দিয়ে মিনিট ১০ ঢাকা দিয়ে ফুটিয়ে গ্যাস বন্ধ করে মিষ্টি গুলোকে ঠান্ডা হতে দিতে হবে।
মিষ্টি ঠান্ডা হয়ে আসলে দুধের থেকে তুলে নিয়ে একটা ছুরির সাহায্যে মেঝখানে কেটে নিয়ে তার মধ্যে তৈরি করা ক্ষীরের পুর দিয়ে একটা কাঁসার থালায় নিয়ে তার ওপর থেকে ঘন দুধটা ঢেলে তার ওপর পেস্তা গুঁড়ো ও চেরি কুচি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি ‘হাড়িভাঙ্গা মিষ্টি’।