ক বি তা
সৈয়দ হাসমত জালাল
স্বর্ণচাঁপা
আমার দৃষ্টিপথের পাশে ছড়িয়ে দিয়েছ
কিছু প্রণোদিত ভুল
যেন তারা স্বর্ণচাঁপার ফুল, ঝরে পড়ে আছে
হাওয়া দিচ্ছে খুব, মেঘ জমছে নারকেল গাছের মাথায়
বৃষ্টি কি নামবে, ক্রমশ সংশয় জমে উঠছে
আমার লেখার পাতায়
বৃষ্টির শব্দে বাজবে তোমার ঈষৎ কৌতুকময় হাসি
তারপর জন্ম নেবে গান
মেঘের উৎসবে লেখা হবে ব্যক্তিগত ইতিহাস
প্রণয়শব্দরাশি
তবু কি একটি কোমল ভয়, ঢেকে রাখো আপ্রাণ
ঋণ নয়, কৃতঘ্নতাও নয়
মাঝখানে পড়ে থাকে সবুজ দিগন্তরেখা
মেঘলা দুপুরে শুনি অশ্রুত কেকা, একটানা ডেকে যায়
লিখে রাখি সেই মোহময় ভুলগুলি, একলা দুপুর
ভরে ওঠে রাশি রাশি স্বর্ণচাঁপায়