Skip to main content

Hello Testing

দু টি  ক বি তা

সৌ ম্য দ্বী প &nbsp চ ক্র ব র্তী

soumya

কোপ

কদিন ধরে দাঁ খানা কেমন ভোঁতা ঠেকছে
শব্দ হলেও কোপ পড়ছে না

ধার দেওয়ানোর লোকটার মুখে বিড়ি
‘কাল একবার পারলে আসুন দাদা
আজ একদম ভালো লাগছে না!’

আমার কথাগুলো যেন মিশে গেল ধোঁয়ায়
বিড়ি শেষ করে শুয়ে পড়লো বেঞ্চের উপর
যেমন ভাবে আমি দাঁ খানা রাখি বাড়িতে

কী অদ্ভুত!
লোকটার ধার আছে অথচ কোপ নেই!

ইশপের গল্প

রথীন স্যারের ক্লাসে সবাই হাই তোলে
‘মানুষের ইতিহাস মূলত সবকিছুর উপর নিজেকে আরোপ করার ইতিহাস’
স্টাফ রুমে স্যারকে নিয়ে হাসাহাসি হয়
তাড়াতাড়ি কথা বলেন না, বললে আরো আটকে যায়
স্যার খানিক তোতলা

‘কচ্ছপ আর খরগোশের গল্পে
খরগোশকে নিয়ে সবার হাসি, ঠাট্টা, নীতিশিক্ষা!
কিন্তু কেন?
খরগোশটা খরগোশের মতো ভেবেছিল
মানুষের মতো না
তাই!?’