রক্তাল্পতা
ঠিক ৩৭ টা ৫৫ মিনিটে একটা ঘোষণা হবে
আপনাকে বেরিয়ে যেতে বলা হবে পৃথিবী থেকে।
পাস্কালের চৌবাচ্চায় মুখ ডুবিয়ে আর্কিমিডিস বলবেন, “ইউরেকা”
মার্কসের বুকে মাথা রেখে ইলিনা খুঁজবে
ভোর চূড়ান্ত করার পাঁচমিশালি দিনকাল।
আপনি যেখানেই ছিলেন স্থির হয়ে অপেক্ষা করবেন
যতক্ষণ না সমস্ত পাটিগণিত থেকে
বেরিয়ে আসে কোনো খেলুড়ে বাঘ,
যতক্ষণ না লাল হয়ে ওঠে কোনো অন্ধকার।
হাল্কা একটা কাশিতে কাঁপিয়ে তুলুন সরকারকে,
মেঘ ধরতে যাওয়ার আগে পকেটে রাখুন বাজারদর,
গাঢ় সমঝোতা ছেড়ে নিয়ে আসুন ছুরি
কেটে ফেলুন যৌথ অনাচার আর প্রগলভ নেশা।
আর কিছু না হোক একটা জীবন তো হাতে আছে
রাতের ক্যাপিটাল থেকে শুরু হোক প্লবতা মাপার কাজ।