Hello Testing

সম্পাদকীয়

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

তৃতীয় বর্ষ পার করে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ পা রাখল চতুর্থ বছরে। এতোটা পথ অতিক্রম করতে পারব শুরুর দিনটিতে মনেও হয়নি। তখন অতিমারীর কাল, নিজেদের মনকে সংযত রাখতে আর চারপাশের কালো ছায়া থেকে বাকি সবাইকেও খানিকটা মুক্ত বাতাস দিতে পারার জন্যই আমাদের এই উদ্যোগ ছিল। ক্রমে শিকড় আরো গভীরে চারিয়ে গেছে, ডালপালা আরো ছড়িয়ে পড়েছে। অগ্রজরা ক্রমাগত উৎসাহ দিয়ে গেছেন, পাশে থেকেছেন। সহ-লেখকরা সব সময় লেখা দিয়ে আমাদের সমৃদ্ধ করে গেছেন। পাঠক বরাবর কাছে টেনে নিয়েছেন এই অনলাইন পত্রিকাকে। আমরা তাই সাহস দেখাতে পেরেছিলাম প্রথম মুদ্রিত শারদীয় সংখ্যা প্রকাশ করার। সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ ইত্যাদির মধ্যে দিয়ে আমরা বারেবারে আমাদের পত্রিকার কাঠামো, বিভাগসমূহ পরিবর্তন করতে করতে এগিয়েছি। আর তাই আরো কয়েক ধাপ এগিয়ে আগামীতে প্রকাশ পেতে চলেছে ‘হ্যালো বুকস’ প্রকাশিত বেশ কিছু গ্রন্থ। ভবিষ্যতে সবাইকে পাশে নিয়ে আরো অনেক দূরের রাস্তা পেরোবার চেষ্টা জারি রাখবে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’।

এই তৃতীয় বর্ষপূর্তির আনন্দের মধ্যে দিয়েই প্রকাশিত হলো মে সংখ্যা। প্রতি বারের মতো এবারও আপনাদের মতামত ও পাঠ প্রতিক্রিয়ার আশায় রইল আমাদের পত্রিকা পরিবার। সকলে ভালো থাকুন।