দু টি ক বি তা
দী প ঙ্ক র   স র কা র
লোকায়ত
আলোর নিষেকে ঝরে পড়ে আলো অবিরল
শিমুল গাছের ছায়ায় উদাসী বাউল গায়
‘মানব জমিন রইল পতিত…’
হাওয়ায় ওড়ে ফুলের রেণু সুরভিত সৌরভ
অদূরে রাখাল বালক বাজায় ভেঁপু একান্ত
সম্বল।
প্রজাপতি পাখনা মেলে ঘাস ফড়িং এর
জটলা দেখি নদীর পাড়ে,যাত্রীদল ইতি
উতি চায়।
ঘাটের মাঝি তাগাদা দেয় কে দেবে পাড়ি
শেষ খেয়া এই, ওই দ্যাখো চাঁদ রাত্রি ঘনায়।
আলোর নিষেকে ঝরে পড়ে আলো, ঝোপে
ঝাড়ে ঠিকরে পড়ে, রঙিন ক্যানভাসে আঁকি—
বুকি ওই শরীরী উদ্ভাস।
চিত্রায়ন
কোথাও গাছের পাতায় জেগে ভোর
শিশির ধোয়া ঘাসের ডগায় লেখা রোদের
অক্ষর।
দখিনা বাতাস আলতো ছোঁয় আলপথ
নদীর স্রোতে মৃদু আলোড়ন, কাকলি কূজনে
সুখী গৃহকোণ।
অলস দুপুর ধুয়ে দ্যায় ধূ ধূ প্রান্তর ক্লান্ত
পথিক এক শমী বৃক্ষ মূলে কাটায় দীর্ঘ
অবসর।