দু টি ক বি তা
পা প ড়ি   দা স   স র কা র
যাপন স্থিতি
এই যে গাছ, ওর
দীর্ঘস্থায়ী ভালোবাসা
আমাকে, আগামীকালের দিকে
ঠেলে দেয়
আর্তনাদ বার হয়ে আসে,
যখন জানতে পারি
একটি ভালোবাসার বীজ
জল, মাটি, উত্তাপে সরল পলাতক
এত অঙ্গভঙ্গি
বাতাসের এত প্রাণ প্রিয় আনাগোনা—
এ-সবই তার অনুগামী পরিষেবা
শাখাগুলো নিস্পত্র। তাদের
ঋতুকালীন কান্নার কোনো সঙ্গী নেই
তথ্য চিত্র
পেরেকের দক্ষতাকে
ভীষণ সমীহ করি বলে সারা ওয়াল জুড়ে
পেরেক পুঁতে রাখি
টাঙিয়ে রাখি
আমার শৈশব, ঘোড়াদৌড়ের নানান ছবি
এমনকি বর্ষা দিনে না শুকানো জাঙ্গিয়া ও মোজা
ভ্যাপসা গন্ধে ভরে যাওয়া ঘরে রুম ফ্রেশনার স্প্রে করে
নিশ্বাস নিই আগামী দিনের।
গ্রুপ ফটোর ভিতরে বিশ্বাসঘাতকের মুখের পাশাপাশি
ঝুলে আছে বিবাহের ছবি।
যে কোনো সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকে গোপন ষড়যন্ত্র বা প্রতিবেশীদের রুমাল
অনেকেই আজ চলে গেছে দূরে
পেরেক আর ওয়ালের মধ্যস্থতা আমাকে ধীরে ধীরে
ধৈর্যশীল করেছে।
বুকের ভিতর অজস্র পেরেকের ভাস্কর্য ঘিরে ভিড় জমেছে দেখি।