ক বি তা
গো লা ম   র সু ল
জলাভূমিতে এত নুন
দূর
অনেক আলোকবর্ষ দূর মানুষ
কয়েকটি নক্ষত্রকে রেখাঙ্কিতা করা হয়েছে
যেমন
পৃথিবীর জন্ম হয়েছিলো সিজার করে
তাই জলাভূমিতে এত নুন
এবং
এ পর্যন্ত কখনো পৃথিবীর জন্মদিন পালন করা হয় নি
যখন আমরা সাগরের মধ্যে নৌকার শহরে বসবাস করতাম তখন নিষ্পাপ প্রাগৈতিহাসিককাল
তখন আকাশ অনন্তকালের কোলাজ
তার মাস্তলে সূর্য এবং চন্দ্র ক্রূশ বিদ্ধ
ধীরে বয়ে চলেছে পর্বতমালা
আকাশের প্যাটার্ন ভেঙেছে বর্ণমালার শহর
দিগন্ত ধূসর অজানা
খসড়া দ্বারা ঘেরা মেঘ
এবং নক্ষত্ররা দীর্ঘরাতের আলো দ্বারা বৃষ্টিপাত করে
আধুনিক জীবন
একটি ফাঁপা যার ভেতরে হিসহিস করছে হাওয়া
শূন্যতা দিয়ে রক্ষা করছে পাথর
ওয়াগান থেকে ফেটে বেরুচ্ছে লোহা
বন্দি জল
হাইওয়ে জুড়ে সমুদ্র
অলৌকিক অন্ধকার ধূমপান করছে
পৃথিবীর জন্ম হচ্ছে একটি হাসপাতালে
যেখানে স্রোত টেনে নিয়ে যায় কাঠের ঘন্টাকে