দু টি ক বি তা
তৃ ষা  চ ক্র ব র্তী
দুটি কবিতা
এক
তোমার আঁধারে শরীর দিয়েছি; ভালো মন্দ বলে চলে লোক
অঘ্রাণের ক্ষেতে ধানের ভিতরে মদ। পুজো হয় বিষাদ জননীর।
শেষটুকু কাটা হল– এসো মা আবার, দুবেলার অন্নে ইষ্ট তুমি,
আমিও তেমন ক্ষুধা নিয়ে মেদিনীপুর থেকে হেঁটে যাচ্ছি চট্টগ্রাম
তুমি কোত্থাও নেই। সুরের ভিতর, পাখিডাক কি নদীশব্দ
এমনকি সপ্তর্ষিমণ্ডল, তোমার খোঁজে ছেড়েছে আকাশ…
দুই
তোমাকে এড়িয়ে চলি, তুমিও আমায়
দিনের আকাশ যেমন পায় না যুগল
চকবাজার এলাকা জুড়ে ভোরবেলা কালীকীর্তন; ফুলের পশরা দেখে ভুল
পথে যাই যদি, ব্রহ্মাণ্ড পায়ের নীচে
আমার করাল রূপ বুকে নিয়ে স্থির
যে আমি অজস্র অগ্নি
তাকেই নীরবে সয়ে
আছ তুমি, চাঁদ