ফ্যা শ ন

অনুক্তা ঘোষাল

anukta

ফ্রেম প্রেম: ফ্যাশন তাও আবার চশমা পরে?

ফ্যাশন তাও আবার চশমা পরে? কয়েক বছর আগে এমনটা ভাবাও ছিল স্বপ্নের অতীত।চশমায় মুখের সৌন্দর্য ঢাকা পড়ে সাজটাই হয় মাটি – এমনটাই ধারণা ছিল তখন ।চশমিশ, চার-চোখোর মতো টিপ্পনীও শুনতে হত আশপাশের মানুষজনের থেকে। অথচ কমজোর দৃষ্টিশক্তির জন্য চশমাটাও মাস্ট।

বর্তমানে চশমা নিয়ে এহেন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এখন চশমা শুধুমাত্র দৃষ্টিশক্তিই নয় সৌন্দর্যের পাশাপাশি আপনার ব্যক্তিত্বও বাড়িয়ে তুলতে সহায়কও বটে। এককথায় বলা যেতে পারে– এক চশমায় ট্রিপল ধামাকা। এমনকী আজকাল সেলিব্রিটিরাও নিজেদের লুক বদলানোর সময় অথবা ইন্টেলেকচুয়াল লুক ক্রিয়েট করতে বিভিন্ন ধরনের চশমা ব্যবহার করেন।

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ফ্যাশনদুরস্ত চশমা পাওয়া যায়। যেমন রিমলেস, কালার ফ্রেম, একটু মোটা ধরনের ফ্রেম-সহ আরও বিভিন্ন স্টাইলের চশমা। ফলে আপনার চিকিৎসক চশমার পরামর্শ দিলেও ঘাবড়ে যাওয়ার দিন শেষ। অনায়াসে বেছে নিতে পারেন নিজের মুখের সাথে মানানসই যে-কোনও Trendy Eye Glasses।

চশমা বেছে নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা দরকার। প্রথম শর্ত, এমন চশমা বাছা উচিত যা আপনার মুখের সৌন্দর্যকে খুব বেশি আড়াল না করে। ট্রেন্ডি স্টাইলিশ চশমার একটা আলাদা আবেদন রয়েছে। কিন্তু কোন চশমাটা আপনার মুখের সঙ্গে যথাযথ মানানসই, তা আপনাকেই বেছে নিতে হবে। চশমার কালার, শেপ এবং স্টাইল সবদিকেই খেয়াল রাখতে হবে। বিরাট কোনও কঠিন কাজ নয় এটা। রকেট সায়েন্স জানারও প্রয়োজন নেই এর জন্য।

চোখে পছন্দসই চশমা লাগিয়ে আয়নার সামনে নিজেকে ভালোভাবে দেখে নিতে হবে। এক্ষেত্রে চশমা বেছে নিতে সমস্যা হয় না। নির্বাচন সঠিক না হলে নিজেকেই অস্বস্তিতে পড়তে হয়। মনে রাখা উচিত চশমা পার্সোনালিটির পরিচায়কও বটে । তাই অকারণে ট্রেন্ড ফলো করতে গিয়ে মুখ অনুপাতে বেঢপ চশমা পরতে যাওয়া বোকামি।

দিনের পর দিন আমরা একই ফ্রেমের চশমা পড়ি। এক বার চশমা না ভাঙলে কিংবা চোখের পাওয়ারে হেরফের না হলে আমরা খুব সহজে চশমায় বদল আনি না। তবে ফ্যাশনে বদল আনতে চশমার ফ্রেমটা বদল করা অত্যন্ত জরুরি। জেনে নেওয়া যাক মুখের গড়ন অনুযায়ী কোন ধরনের ফ্রেম ভাল মানাবে।

১) পানপাতার মতো মুখে ক্যাট আই, বেশ মানিয়ে যায়। খুব বেশি বড় মাপের গ্লাস এ ক্ষেত্রে না কেনাই ভাল।
২) ডিম্বাকৃতি মুখে সব ধরনের গ্লাসই ভাল মানায়। শুধু লক্ষ রাখতে হবে ফ্রেমটি যাতে মুখের তুলনায় বেশি চওড়া না হয়।
৩) ক্যাট আই কিংবা অ্যাভিয়েটর ফ্রেমের চশমায় গোল মুখ লম্বাটে দেখায়। আয়তাকার, কোণযুক্ত ফ্রেমের চশমাও তাঁদের জন্য ভাল।
৪) বর্গাকৃতির মুখে মেটালিক ফ্রেম অথবা রিমলেস চশমাও ভালো মানায়।
৫) লম্বা মুখের সঙ্গে গোলাকৃতির চশমা ভাল যায়। তবে খেয়াল রাখতে হবে, চশমার ফ্রেম যেন খুব ছোট না হয়।
৬) চতুর্ভুজাকৃতি মুখে ক্যাট আই স্টাইল ভাল যাবে। তবে খেয়াল রাখতে হবে চশমায় যেন চোখের কোল ঢেকে যায়, তাই বড় মাপের চশমা কেনাই ভাল।

ফ্রেম– অর্ঘ্য অপটিক্যাল, কর্ণধার শাওনদীপ কুন্ডু (অর্ঘ্য)
মোবাইল নম্বর–৭০০১৫৬১৫০০
ঠিকানা– ইউনিট ১ – নার্স কোয়ার্টার মোড়, ইউনিট ২ – পারবিরহাটা, ভি মার্ট-এর উল্টো দিকে
মেকআপ– বিউটি থেরাপিস্ট ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সুহীরা ব্যানার্জি (এথিনা বিউটি পার্লারের কর্ণধার)
ছবি– খুশি দাস
মডেল– অনুক্তা ঘোষাল