জি ভে জ ল
আলেয়া খাতুন
বিট সবুজ মুগ স্টিমড র্যাপ (প্রোটিন সমৃদ্ধ জলখাবার)
উপকরণ
খোসা সহ সবুজ মুগডাল – ২০০ গ্রাম
বিট (সবজি) – ১টি
ধনেপাতা – ৫০ গ্রাম
কাঁচা লঙ্কা – দুটি
আদা – ২ ইঞ্চি
সুজি – ১৫০ গ্রাম
গোলমরিচ গুঁড়ো – ১ চামচ
গোটা জিরে – ১ চামচ
নুন – ১ চামচ
মিছরি – ১ চামচ
টক দই – ১০০ গ্রাম
গমের আটা – ৫০ গ্রাম
জল – ১ লিটার
প্রণালী
প্রথমে খোসাসহ ২০০ গ্রাম সবুজ মুগ ডাল ভালোভাবে জলে ধুয়ে নিয়ে তারপর ১০ থেকে ১২ ঘণ্টার মতো জলে ভিজিয়ে রাখতে হবে।
১০-১২ ঘন্টা পর ওই ভেজা ডাল ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ওর সঙ্গে অ্যাড করে দিতে হবে ২ ইঞ্চির মতো টুকরো করে কেটে রাখা আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর ১০০ গ্রাম টক দই , ১ চামচ মিছরি এবং এক মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা। তারপর সবগুলো দিয়ে এগুলো একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এই টক ঝাল মিষ্টি স্বাদের ডাল বাটা এক পাশে রেখে দিতে হবে।
অন্যদিকে একটা মাঝারি সাইজের বিটরুট ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করে পিউড়ি বানিয়ে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে তাতে ৩০০ মিলি মতো জল, পরিমাণ মতো লবণ, ১ চামচ গোল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। জল ফুটে উঠলে আঁচ কমিয়ে ১৫০গ্রাম পরিমাণ সুজি ও বিটের পিউরি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সুজি ও বিট সিদ্ধ হয়ে একটি ডোয়ের মতো তৈরি হয়ে আসলে আঁচ বন্ধ করে দিতে হবে এবং ঢাকনা চাপা দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে এটা হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। যেমন আমরা রুটি তৈরির জন্য ডো বানিয়ে থাকি অনেকটা সেরকমই ডো হবে। এরপরে এখান থেকে ছোট ছোট করে লুচির মতো সাইজের লেচি কেটে নিয়ে সেগুলোকে আটার মধ্যে গড়িয়ে বেলে নিতে হবে। এবারে এর অর্ধেকটা অংশে আগের থেকে আমরা যে টক ঝাল মিষ্টি স্বাদের ডাল বাটা বানিয়ে রেখেছিলাম গ্রীন কালারের সেই পেস্ট দিয়ে ভাঁজ করে নিতে হবে। তাহলেই তৈরি হবে বিট সবুজ মুগের র্যাপ।একই রকম ভাবে বাকি সবগুলো র্যাপ বানিয়ে একটি ঝাঁঝরি বা ছিদ্র যুক্ত স্টিলের থালাতে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রাখতে হবে।
তারপর একটি কড়াইতে হাফ লিটার মতো জল ফুটতে দিয়ে তার ওপর এই ঝাঝরি থালাটি বসিয়ে দিতে হবে। আর ঢাকনা চাপা দিয়ে ঢেকে মিনিট পাঁচ-ছয়ের জন্য ভালোভাবে স্টিম করে নিতে হবে। এই স্টিমেই ডাল সিদ্ধ হয়ে যাবে।
মাঝারি আঁচে ৱ্যাপ গুলো ৫-৬ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে তেল ছাড়া প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যকর বিট সবুজ মুগ স্টিমড র্যাপ (প্রোটিন সমৃদ্ধ জলখাবার)।
পরিবেশন :
এর মধ্যে যেহেতু আমরা ডালের পেস্ট ব্যবহার করেছি আর তার মধ্যে টক ঝাল মিষ্টি সবরকম স্বাদই রয়েছে তাই এগুলো এমনিতেই খেতে খুবই ভালো লাগে সাথে আর তেমন কিছু লাগে না। তবে গ্রীন চাটনি দিয়ে পরিবেশন করা যেতে পারে।