Hello Testing

দু টি  ক বি তা

বৈ শা খী &nbsp মিত্র

baishakhi

আলতা রেখা

সাধ্বীপাত্রে রাখা আছে জল
তাকে মা বলে জানি।
জল পাশ ফিরে শোয় অলোক সামান্য
ঈষৎ কুঞ্চিত সময় কে কথা বলে কে বলায়
সীমন্তিনী রাতের চুপ মফস্বল একা
চাপ হয়ে উঠে বসে বুকে
পাটের আসনে তার শ্রীচরণ লাল
পাড় ঢাকা আলতা রেখা চলে যায় দূরে
নাগাল পাই না শ্বাস…
কিঞ্চিৎ খড়খড়ি তোলো
ওইখানে ঘটপাত্রে জন্মজল রাখা আছে,
ছুঁই। করুণ অশ্রুপ্লাবনের ধারা বিলম্বিত
ফিরিয়ে দিই করতলপুটে নতজানু
আম্রপত্র ঘটে বৎসরগত বারি
তাকে মা বলে জানি

তাকে আবেগের স্বরবিচ্ছেদ বলে জানি

২.

আলতো নুপুরলতার পাশে পড়ে আছে প্রত্যাখ্যান জন্ম।
দয়াময়ী কোল দাও শুই
কয়লারঙা রাত দাও লুকোই
এত যে তরঙ্গ বাঁধছি
ঝুঁটি ধরে বসে ঢেউ বাতাসের
সে তো সব আদেশের জন্য!
প্রত্যাখ্যান জন্ম জ্বালিয়ে
একদিন বুকের ভেতর থেকে
দলা দলা আগুন ছুঁড়ে দোবো
তোমাদের দিকে

ভুলে যেও তখন কোল চেয়েছি
মাথা রাখার কোল