মু ক্ত গ দ্য
ম ধু রি মা   সা হা
যে প্রেমে কাউকেই লাগে না
ন্যাকা ন্যাকা গোলাপী লিপস্টিকের তলায় কাঁপা কাঁপা ঠোঁটে ‘I love you’ বলতে কেমন একটা বদজহম হয়। ওসব যে জীবনেও হবে না আমার দ্বারা তা এতদিনে বুঝে গেছি।
তবে প্রেম ব্যাপারটা must জীবনে। আরও কিছু must আছে তালিকায়, যা ছাড়া প্রেমটাই হয় না— কাঞ্চনজঙ্ঘার সাদা ফ্যাকাসে চাওনি, দার্জিলিং আর অঞ্জন দত্তের গান। আসলে প্রেম মানে জাস্ট যা খুশি হতে পারে, এই যেমন ধরুন— রোববারের ফুলকো লুচি, দাদাবউদি-র স্পেশাল মটন-বিরিয়ানির তুলতুলে নরম রেয়াজী মটনের পিস্-টার মুখে দিলেই গলে যাওয়া চর্বিটুকু অথবা পাহাড়ী রাস্তা ধরে এলোমেলো হেঁটে যাওয়া, দার্জিলিং-এর রাস্তায় আচমকা কাঞ্চনজঙ্ঘা দেখে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে লাফিয়ে ওঠা অথবা বনেদি বাড়ির দুর্গাঠাকুরের মুখ, ঝাড়বাতি, আর ঈদের সিমুই। এভাবে বলতে থাকলে এই তালিকা শেষ হওয়ার কথাই নয়। ওহো ভুলেই গেছিলাম— হাজারদুয়ারীর মিউজিয়াম-এ রাখা আরাম কেদারাটার কথা বলাই হয়নি। বাবার হাতের রান্না করা পাবদা মাছের আলু-বেগুন দিয়ে ঝোলটা কিংবা ফোড়নহীন ডাল আর মা-এর হাতের মেথি বিরিয়ানিও অনায়াসে ঢুকে পড়তে পারে তালিকায়।
আসলে প্রেম মানে জাস্ট যা খুশি অর্থাৎ যে প্রেমের কথা ভেবে প্রচন্ড ভিড় মেট্রোয় অথবা অফিস টাইমের লোকাল ট্রেনে হঠাৎ করেই মিষ্টি হাসি হেসে ফেলতে পারেন। কিংবা কানে হেডফোন গুঁজে জাস্ট একটাই গান শুনতে শুনতে রাসবিহারী থেকে রবীন্দ্র সদন অবধি হেঁটে ফেলা। কিংবা একটা গোটা দিন নির্লজ্জের মতো আলস্যে কাটিয়ে দাওয়া। কিংবা শ্রীখোলায় নদীর ধারে বসে গল্পের বই পড়া। কিংবা উত্তর কাশির অজানা গ্রামে হঠাৎ পাওয়া প্রেম প্রস্তাবের কথা ভেবে কোলকাতার ব্যস্ত শহরে বসে আফসোস করা।
অর্থাৎ যে প্রেমে আপনি আছেন আর আপনার ভালোলাগাগুলো নির্লজ্জের মতো আপনাকে জড়িয়ে আছে। যে প্রেম শুধুই আপনার। যে প্রেমে কাউকেই লাগে না। হ্যাঁ কাউকেই লাগে না… ‘I will fall in Love; until I find a Love; the type of Love Writers write about.’