Hello Testing

ক বি তা

স ন্দী প ন &nbspদা স

আততায়ী

এই বারাসাত মেডিকেল কলেজ বিল্ডিং থেকে অনেককিছু দ্যাখা যায়
লাল-নীল পাখি হয়ে উড়ে যাওয়া আলোর যন্ত্রণা, ফ্যাকাশে আকাশের নীরবতা, কাঠগোলাপের একাকীত্ব… সব
সব…
শুধু তোমার সম্ভ্রম দ্যাখা যায় না
দ্যাখা যায় না কখন একটা জাহাজে চেপে তুমি ডুব দাও সমুদ্রের অতলান্তে…

আমি বোকা বনে যাই, ভাবি এ জীবনে আর
ছোঁয়া হলো না রাইয়ের নূপুর
বোঝা হলো না দুঃখের কতটা কাছে গেলে ঐ সব উড়ে যাওয়া পাখিদের
পালক হওয়া যায়, ওদের ওম্ হওয়া যায়…

এসব ভাবতে ভাবতে নেমে পড়ি রাস্তায়
দেখি দিব্যি চারিদিকে হেঁটে যাচ্ছে সব রংবেরঙের মানুষেরা
ইস! তাদের মধ্যে যদি তোমায় পেতাম…
কানের পাশ দিয়ে হ্নঁশ করে বেরিয়ে যায় ট্রাক
আমি চোখ বুঁজে ফেলি… শুধু হাতড়াতে থাকি
আমার অ্যাকাউন্টস্ সেকশান, তোমার হারিয়ে যাওয়া কানের ঝুমকো কিংবা বন্ধুদের ছল-চাতুরী…

সমুদ্রের অতলান্ত থেকে তুমি সব টের পাও
সব দেখতে পাও, মুচকি হেসে হঠাৎই একে একে বদলে দাও
সব বন্দরের নাম… সব পাখিদের নাম… সব দ্বীপদেশের নাম…

আমি আবারও বোকা বনে যাই
ভাবি তোমার চোখ দিয়ে অনেককিছু দ্যাখা যায়
আবেশী সমুদ্র সফর, ঝিমধরা ক্লান্ত আগ্নেয়গিরি, নেশাতুর আগুনের ওম্ও…
শুধু দ্যাখা যায় না আমার অহং…
দিনান্তে আমার ফিরে যাওয়াকে…