জি ভে জ ল
চন্দনা সাহা
বরিশালী পটল বাহার
উপকরণ:
গোটা পটল ১৪/১৫টা, কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, নারকেল কোরা এক কাপ , ৩ টেবিল চামচ পোস্ত বাটা, ১.৫ চা চামচ সরষে বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, পরিমান মতো সরষের তেল।
প্রণালী:
শির রেখে , পটলের চোচা ছুলে লম্বালম্বি ভাবে দু-টুকরো করে কাটতে হবে। কাটা পটল ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হলে হলুদ, নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পটলগুলো ছেড়ে নরম -নরম করে ভাজতে হবে। পটল তেল থেকে তুলে , তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কার পেস্ট দিতে হবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এক চা চামচ হলুদ ও একটু জল মিশিয়ে মশলাটা ভালো করে ভাজতে হবে। মশলা ভাজা থেকে তেল ছেড়ে দিলে এক কাপ পরিমাণ কুড়ানো নারকেল ও স্বাদ অনুযায়ী গোটা লঙ্কা দিতে হবে। এখন এর মধ্যে তিন চা চামচ পোস্ত বাটা ও দেড় চা চামচ সরষে বাটা, সাধ অনুযায়ী নুন ও একটু জল দিয়ে কষিয়ে ভাজা পটল দিতে হবে। অল্প কিছুক্ষণ লো হিটে ভালো করে নেড়ে এক থেকে দেড় কাপ জল দিতে হবে। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে , ঢাকনা দিয়ে চার-পাঁচ মিনিট রান্না করতে হবে। ঢাকনা তুলে ভালো করে নেড়ে, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। রান্না রেডি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন , দারুন মজাদার স্বাদের ওপার বাংলার ঐতিহ্যবাহী রান্না ‘বরিশালী পটল বাহার’।