Hello Testing

ক বি তা

অর্পিতা সরকার

arpita

ধারা

মঙ্গলস্নান সারা হলে জলের দিকে ঠোঁট পেতে বোসো
সেই ভীনদেশী শ্রমণার মতো খেয়ালি এ নদী
তার কাছে হাত পেতে আছো!

আমাদের যাবতীয় শিলাময় ভূমি
ভোগবতী জলে ধুয়ে গেছো তুমি; আজন্মকাল
অথচ আমার বুকে শ্যাওলা জমে ডাঙা
মৃতদেহ আগলিয়ে রাখে
তবে ঢেউ দাও প্রাণে,
ওইপারে বেঁচে থাক চর।
শ্যামাঘাসে ঢাকা চারণভূমিতে বাসা বেঁধে তস্কররাত
গৃহস্থ হোক
আমাদের পরাণ চ্যাং মাছ
কানাকড়ি দাম দিল কেউ!

জানো, ঘুমহীন চোখে
তোমার সিঁথিতে দেখি আলোকমুকুট
দু’চোখে পিয়াল বন…
সে বহুদিন আগে,

আজ ভিখারির সাজে
আমাদের রাজটিকা মিলিয়ে গিয়েছে।

আরেক দিন

আরবার দেখা হলে ধ্বংস দিও
দূরত্ব আগাগোড়া কোকিলের মতো ;
দেখো, কোনোদিন ঘর বাঁধল না
সুর দিল, প্রেম দিল, দিল রমণের রাগ
স্বপ্নভাঙা অপত্যের স্মৃতি–
পড়ে থাক সব

পানপাত্র, ফুলডোর, রঙ্গ তামাশা
কেমন ছবিদিনগুলি সরে সরে যায়,
ফুলকাটা রেকাবিতে অসুখনৈবেদ্য রয়ে যায় অবিকল
যদি দেখা হয়, অশ্রু দিও।

সেইখানে ডুব দেব

কতশত তারকার ধুলো জমে আছে বিমনা চৌকাঠে
হাওয়া আসে, ফিরে যায়
বিচ্ছেদ ডিঙোতে পারে না।