ক বি তা

দেবাশিস সাহা

debasish_saha

অভিমান কলা

অভিমান নামিয়ে রেখো আহত জলে
জলের বুকে যে নুড়ি-পাথর
সেসব পূর্বপুরুষদের নিহত অনুরাগ

মান-অভিমান মার্কা দাম্পত্য
শুধু কাটাকুটি
দিনের শেষে ভাগশেষ থেকে যায়।

ঘর থেকে বাড়ির বাইরে আসি
সামনে দিয়ে বয়ে যাচ্ছে
অনেক রাস্তা

কেউ হাসপাতাল হয়ে শ্মশানে যায়
কেউ কেউ শর্টকাট খোঁজে

তোমার কাছে ফেরার রাস্তায়
অনুযোগের বেড়া

ডিঙিয়ে ডিঙিয়ে আসতে
রাত হয়ে যায়।

প্রেম নামক গাছের নীচে
রাগ-অনুরাগ রঙের
নানা পাখির ডাক

সেখান থেকে এসে দাঁড়ায়
বিয়ের বারান্দায়

এখানেও মান অভিমানের
আলো আঁধারি খেলা

খোসা ছাড়াতে ছাড়াতেই ভোর হয়ে যায়।

যৌথযাপন এক ইন্দ্রজাল

হরেক কিসিমের জানালা
এক একটি থেকে
এক এক রকমের রশ্মি বের হয়

নিরক্ষর নেশাখোর আমি
চৌষট্টি কলার খেল দেখতে দেখতে
ফুরিয়ে আসে যৌবনের তেল।

দুটো লাইন পাশাপাশি থাকে শুয়ে
তোমরা বলো রেললাইন
সময় বয়ে যায় অহরহ

ক্রমাগত পুড়তে থাকে
সাত থেকে সত্তর মন তেল
রাত ভেঙে যায়
শরীর ভেঙে যায়
তবু মনের মান ভাঙে না।