Hello Testing

ক বি তা

শুভদীপ ঘোষ

suvodeep

কবিতা ১

মন শান্ত হয়ে এলে সে আমার কাছে আসে। নির্জন আলোয়, সাদা বাড়ির গলিতে অদ্যাবধি দাঁড়িয়ে থেকে, যে ভেবেছিল— আজ আর হবে না দেখা— তার সন্নিকটে রাখা থাকে অনন্ত পায়ের ছাপ। শরীরের সঙ্গে জড়িয়ে থাকা নিরানন্দ মনের মিলন ছাড়া এ অসীমের কোনো নিঃসীমতা নেই। ভাসমান ওই মেঘরাশি, জলভার সইতে না পেরে যখন ঝরে পড়ে, সবুজ সুতানটি তখন অনাবিল আনন্দে ঝলমল করে ওঠে। ভেজা মাঠের অদূরে আমি থাকি শুয়ে। চারপাশে টের পাই সরীসৃপের আনাগোনা। দূরের অস্পষ্ট ল্যাম্পের হলুদ আলোয় মনে হয়— ক্ষয়িষ্ণু এ জীবনের এই সেই সময়, যখন নিঃসরণে নেই কোনো জলযান, অথচ কী অলীক মায়ায় দোদুল্যমান আমার তটভূমি! তারপর কেটে যায় অনেক সময়। সাদা গলিতে, ভেজা মাঠে, কোথাও কেউ আসে না।

কবিতা ২

নৈর্ঋত হাওয়ায় ঝাপসা হয়ে আসে বিকেলের আলো। হৃদয় থেকে প্রেম, অনাবিল সন্দর্ভ রচনা করে।
আমি শুধু নীড়ে ফিরি না।
কেউ আছে, তিনযুগের ব্যবধানে, এখনো অপেক্ষা করে থাকে, যার জন্য রঙের সুবাস!
অরন্ধন দিনে দীপশিখা প্রজ্বলিত হলে, আজও, ভেসে ওঠে দূরগামী পদরেখা।
আনত রাত্রির উপরিতলে জীর্ণ হিমবাহের শেষ জলধারা শীর্ণকায় ধমনি বেয়ে নামে।
তখন শ্বেতশুভ্র আভা…
তখন জোৎস্না ভরা চাঁদ…
তখন নীলাভ এক তারা…