ক বি তা
সুশীল হাটুই
গজল
মোমবাতিগুলো
ভুল সুরে গালিবের গজল গাইছে
আর এতেই আলো আর অন্ধকারের
যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে
আকাশে ঝলমল করছে জোনাকি
ওরা কেউ জানেই না যুদ্ধ শুরু হলে
ধর্মভিরু নৌকো বিরহী বাতিস্তম্ভ মরমি খিলিপান
জানালার একাকিত্ব আর লাজুক
ফুলদানিগুলো কাকে সাপোর্ট করবে
যুদ্ধ শুরু হলে পুরো সমুদ্রটাই লাল হয়ে যাবে
সেই লাল পান করে সমস্ত অক্টোপাস তিমি
আর হাঙর চোঁয়া ঢেকুর তুলে বলবে ওয়াও
বর্ষামেঘের কাছে এই যুদ্ধের খবর গেলে
তিনি রাগ মেঘমল্লারকে পাঠাবেন
শান্তি ফিরিয়ে আনতে
কিন্তু তার আগেই যদি
দেবী সরস্বতী মোমবাতিগুলোকে
সঠিক গজল গাওয়া শিখিয়ে দেয়
তাহলে যুদ্ধের সম্ভাবনা রোধ করা যাবে