ক বি তা
অ মৃ তা ভ  দে
বিচার চাইছে লক্ষ লক্ষ স্বর
আজ সারাদিন আকাশ কালো ছিল
আজ সারাদিন মনকেমনের মেঘ
আজ সারারাত লক্ষ মেয়ের স্বর
বলল আমায়, আগুন জ্বালানো
হাজার শব্দ লেখ্।
হাজার হাজার শব্দ উড়ছে পথে
আলোর নিশান উড়ছে অন্ধকারে
শব্দ বারুদ, শব্দ আগুন, শব্দ মশাল হলো
লক্ষ মেয়ের প্রতিবাদী চিৎকারে…
আমার হাতেও লক্ষ শব্দ আছে
আমার হৃদয় আগুন হতেও পারে
কীভাবে এখন নীরব থাকবো বলো?
লক্ষ মেয়ের প্রতিবাদী চিৎকারে…
বিচার চাইছে লক্ষ লক্ষ স্বর
বিচার চাইছে আমার ছোট্ট মেয়ে
হাজার কণ্ঠ নেমেছে মশাল হাতে
অত্যাচারীর চরম বিচার চেয়ে…