Hello Testing

ক বি তা

বা প্পা দি ত্য &nbspরা য় &nbspবি শ্বা স

ছন্দে লেখা হাতচিঠি

বিপ্লব, কাল হবে না কোথাও দেখা?
ওরা আমাদের চাইছে করতে একা
জীবনের আর কটা দিন আছে বাকি?
বহুকাল ধরে দিয়েছি নিজেকে ফাঁকি
ওরা আমাদের গুনে গেছে শুধু মাথা
চোখ নাক মুখ পুরোটাই সাদা পাতা
আজ উঠে দেখি মুখের ভিতরে জিভ
যেন প্রলয়ের তালে দুলে ওঠা সদাশিব
একটা জীবন অনেকটা গেছে চলে
আর দেরি হলে বাকিটাও যাবে গলে
এখনই বেরোও, গলা ছেড়ে ওঠো জোরে
একটা জীবন — বুঝে নিতে হবে লড়ে
এক্ষুনি চাই, সুযোগ দিয়েছি ঢের
বারবার তুমি ধান খেয়ে গেছ, ফের
আমাদেরই ধান আমাদের হাতে দিয়ে
তামাশা করেছ লক্ষ্মীর ঝাঁপি নিয়ে !
এবার বাঁচবো — যতদিন বেঁচে থাকি —
জুতো মেরে তোকে হকের ফসলখাকি !
বুক থেকে বুকে জুড়ে নেবো হাইওয়ে
ময়ালের মতো মিছিল এগোবে, মেয়ে
রাত রাস্তায় পা পুঁতে দাঁড়াবি চল
এইবার ভাঙ বাধার বিন্ধ্যাচল।
আরো বড় বাধা সামনে রাখছে কে?
উপড়ে ফেলে দে খুঁটি আর ব্যারিকেড
ভয়ে ভয়ে এই বেঁচে থাকা আর নয়
কতদিন, কার এহেন মিথ্যে সয়?
এখনই বেরোও, গলা ছেড়ে ওঠো জোরে
একটা জীবন গোটা বুঝে নেবো লড়ে।
বিপ্লব, এসো, আওয়াজটা তুলি জোরে
ঘুঘু-বাস্তিল ধূলিসাৎ করি লড়ে।