ক বি তা
হী র ক  ব ন্দ্যো পা ধ্যা য়
মেঘের আড়াল থেকে
তুমি এখনো দাঁড়িয়ে আছো পাঁচমাথার মোড়ে
বাজিয়ে চলেছো পুরনো হারকিউলিক্সের ক্রিং ক্রিং ক্রিং… সে যে এখানে এখন থাকে না…
মেঘের আড়াল থেকে লক্ষ্য রাখছে কেউ
দিন নেই রাত নেই অসার গোধূলি নেই
সে যে এখন বাড়িতে থাকে না
জানলার পর্দা সরিয়ে কেউ জলে ভাঙা য় কেউ
অফিস আদালতে এত সিসিটিভির দৌরাত্ম্য
পথে ঘাটে অলিতে গলিতে, ভাল্লাগেনা
একটু যে নিজের মতো হাঁটবে নিজের পছন্দ মতো
কিছু করবে, পিছু ফিরতেই কেউ উঁচিয়ে আছে ভল্ল
যাকে প্রাণের কথা বলা যায়
বিশ্বাস করতে পারা যায়
সে ই যখন তীর ধনুক তোলে, একটু শ্বাস ফেলবার জো নেই এত খুন খারাপি এত হিংসা ক্রোধ
এতোই মজ্জায় মজ্জায় পশুত্ব, জলে কুমীর ডাঙা য়
বাঘ,হায়নার হিসহিস, সারাক্ষণ লক্ষ্য রাখছে কেন কি পোশাকে চুলে খোপা না বয়কাট… ভাল্লাগেনা…
মন বিষিয়ে যায়, আর একবার মন বিষিয়ে গেলে
কোনো কিছুতেই…
অথচ তুমি কি এখনো দাঁড়িয়ে আছো পাঁচমাথার মোড়ে, সেরকম ই বাজিয়ে চলেছো ক্রিং ক্রিং ক্রিং… দিন নেই রাত নেই শীত গ্রীষ্ম নেই…
তবে থাক, এটুকুই তার জন্য সারা জীবনের আনন্দ হয়ে থাক…