ক বি তা
পি য়া ল   রা য়
বাঁচা অথবা মরার প্রশ্ন যখন…
আমরা যারা লড়তে রাজি আমরা যারা মরছি রোজ
বাঁচার জন্য বাঁচতে গিয়ে রোজই যারা হই নিখোঁজ
ঠিক করেছি ফেলব ভেঙে মানুষ মারা কলের কাজ
ঘুন ধরা এই সিস্টেমেরই মাথায় ফেলব প্রখর বাজ
ভাবছো তোমার মর্জি মতো চলবে গোটা রাজ্যটা
হুজুর হয়ে করবে শোষণ মুর্খ যত পা-চাটা?
মানবো না আর অনেক হল পণ নিয়েছি এই প্রাণের
আকাশ বাতাস মুখরিত শক্ত মুঠির জয়গানের
তোমার নখের ধার কমিয়ে আমার হাতের গোলাপ নাও
নইলে স্পষ্ট জায়গা তোমার দেখিয়ে দেব এ আমরাও
তুমিও স্বাধীন যখন তখন আমিও স্বাধীন এই দেশে
মানুষ জানে গুঁড়িয়ে দিতে সুর তাল লয় বন্দিশের
শাষক তোমার রক্ত হাতে পুরছো মানুষ রোজ ঝোলায়
শিড়দাঁড়াটাও বিকিয়ে দিয়ে মিথ্যা বলো জোর গলায়!
কিন্তু সময় সাক্ষী আছে চোরের মায়ের বিকট স্বর
চিরকালই রোধ করে দেয় মানুষ গলায় উঠিয়ে ঝড়
মানুষ হওয়ার সাহস দেখাও তুলছে দাবি সময় আজ
নইলে তুমি রাস্তা ছাড়ো শাষক শোষক ধান্দাবাজ
আজ শুধু নয় অনেকদিনই তোমার যন্ত্র বিকল প্রায়
কিন্তু মোহে অন্ধ এমন, দিচ্ছ কেবল তাতেই সায়
বিচার দেবার নামে এখন যতই করো সমর্থন
আর কিছুতে গলবে না এই আন্দোলিত লোহার মন
কী আর দেবে তোমার হাত তো ফুটিফাটা দরকচা
অনেক হল অঙ্ক কষা এবার তুমি নিপাত যাও