ক বি তা

সে লি ম &nbspম ণ্ড ল

চিৎকারপুর

একটা চিৎকারপুরে আমরা বসবাস করি

এখানে মানুষ খাওয়ার জন্য চিৎকার করে
এখানে মানুষ পরার জন্য চিৎকার করে
এখানে মানুষ অধিকারের জন্য করে
এখানে মানুষ বাঁচার জন্য চিৎকার করে

সবাই সবার মতো চিৎকার করতে থাকে

যাদের চিৎকার শোনার কথা তারা কালো কাচের মধ্যে
তারা বাইরের হাজার হাজার লোকের যাতায়াত দেখে
কিছু শুনতে পায় না, কিছু শোনার চেষ্টা করে না

বাইরের মানুষ উঁচু বাড়িগুলোর দিকে তাকায়
কালো কাচের দিকে তাকায়
ভিতরে কিছু দেখা যায় না
দেখা যায়— বাইরে বসে থাকা কিছু কাক
যারা তাদের মতো—
উঁচুতলা থেকে ছুঁড়ে দেওয়া খাবার পেলে যেন কা কা করে উড়ে যাবে