Skip to main content

Hello Testing

ক বি তা

সৌ মি ত &nbspব সু

জাগো দশপ্রহরণধারিণী

সত্যি সত্যি মেয়েটা কার ছিল আমি জানিনা
আজ তো মনে হচ্ছে সে সকলেরই মেয়ে।
কাকদ্বীপ থেকে ক্যালিফোর্নিয়া
বনগাঁ থেকে বারুইপুর
গতরাতে প্রতিটি বাবা-মা তাদের একটি করে মেয়ে হারিয়েছে।

মেয়েটি মেয়ে না হয়ে যদি গাংচিল হতো
গাংচিল না হয়ে যদি হতো গঙ্গা ফড়িং
পৃথিবীর তাতে কিছুই যেতো আসতো না
শুধু একটি বিষয়ে আমরা নিশ্চিত থাকতাম
কেউ না কেউ সন্তর্পণে তার ডানা দুটো ছিঁড়ে নিতো
তারপর তা নিয়ে উল্লাস করত জনসমক্ষে।না পুরুষের উল্লাস।

ডানা ছিঁড়ে একটি মানুষের ওড়া বন্ধ করা যায়?
যায় সমস্ত সাক্ষ্য লোপাট করে প্রকৃত অপরাধীকে ঘাসের মধ্যে গুঁজে দিতে?
বিচার যাই হোক না শেষ পর্যন্ত তুই জিতে গেছিস মেয়ে
এই যে গ্রহণ লাগা সূর্যের দিকে তাকিয়ে তুই বেঁচে উঠতে চেয়েছিলি
তোর নেতিয়ে পড়া হাতের আঙুলগুলো দিয়ে
চিরে দিতে চেয়েছিলি সভ্যতার চোয়াল
এই চাওয়াটাই তো আমাদের হারিয়ে দিয়ে গেছে বারবার।

শুধু কালকের রাত নয়
আজ কাল পরশুর প্রতিটি রাত জেগে থাকবে তোর লাশের প্রহরায়
যাতে কেউ যেন তোকে দ্বিতীয়বার
পুড়িয়ে ফেলতে না পারে।