ক বি তা
শ্রী ত ন্বী  চ ক্র ব র্তী
রুদ্ররাগিণী জাগে
বিদেশ থেকে পোস্টকার্ডে ‘মা’ আসে?
হাতে লেগে থাকে কল্মীলতা আর শিউলির গন্ধ?
আমার মেয়ে, আমার মা দুর্গা লড়াই শেষে নিথর হয়ে পড়ে ছিল
হাসপাতালের সেমিনার-রুমে,
মা কি কাশবন থেকে আসুরিক শক্তি নিয়ে আজও ফিরে আসে?
কত মিটিং, কত মিছিল, জলকামান ভেজা প্রদীপের আলোয়
সব মায়েদের মুখ,
ট্রেনে, বাসে, সিংহাসন থেকে মসনদে, রনংদেহী ভেরী বাজিয়ে চলে,
উদ্ধত শত্রুবিনাশের আকাঙ্খায়।
জীবনকে আবাহনে,
আমাদের চলে-যাওয়া মেয়েটা ফিরে ফিরে আসে,
ইঞ্চিতে ইঞ্চিতে রক্ত, জমি বুঝে নেবে আজ সে-ও,
কালিতে, কলমে, কলেজের পোর্টিকো থেকে ট্রামলাইনে,
মেয়েটা আমাদের সবার মধ্যে জাগে।
কাশবন থেকে বিদ্যুৎদুহিতা আঁধার কেটে আসে,
রাত যতই নামুক, চলুক বন্দুকের গর্জন, ধেয়ে আসুক জলকামান…
আজ আমাদের রণরঙ্গিনী, রুদ্ররাগিণী জাগে!