দু টি ক বি তা
অনেক দিন পর জুতো খুলতে গিয়ে দেখছি
আবেগ হারিয়ে গেছে স্ক্যান মেশিন থেকে।
অথচ ড্রয়ারে কোনও স্টেনগান রাখা নেই!
আবার আমি বারুদ ব্যবসায়ীও নই!
জুতো বিক্রেতা জানালেন এগুলো নাকি অনিবার্য কারণ!
এসব হয়! হওয়াটা স্বাভাবিক!
আপনি হয়তো ভাববেন, যুক্তি দেবেন
ওপাশ থেকে কোদাল ও সুঁচের দ্বন্দ্বে হারিয়ে যাবে জীবন!
আপনি তাকাবেন, ডাক শুনবেন ।
মন কেমন করা ভালো লাগা আপনাকে বলবে
ভীষণ চেনা লোক …
মনে কর আমরা জলশহরের দিকে হেঁটে যাচ্ছি
অথচ জল নেই, জীবন নেই !
শুধু মহার্ঘ হাহাকার নিয়ে একদল মানুষ ছুঁটছে বিগত কয়েক দশক ।
চিরুনী তল্লাশী শেষেও যারা খুঁজে পায়নি তল !
মনে কর আমরা মেট্র স্টেশন পার করছি
স্টেশনের গায়ে গায়ে লেখা আছে ফুটপাথ থেকে পরিযায়ী জীবন।
অথচ ক্যানভাস ভিজে যাচ্ছে ইজরায়েল , হামাসের যুদ্ধে।
মনে কর আমরা আকাশের দিকে তাকিয়ে জীবনবাদ লিখছি !
মাঝখান থেকে ফুরিয়ে গেছে রৌদ্র যাপন !
আমরাও আশাবাদ ভুলে গেছি
বহু বছর…