দু টি  ক বি তা

চ ন্দ্র শে খ র &nbspভ ট্টা চা র্য

হাতের ওপর হাত রেখেছি

হাতের ওপর হাত রেখেছি

একান্তে—

তখন তোমার একশো তিন জ্বর

কৃষ্ণচূড়া গাছে ভীষণ রোদ

আগুন হয়ে পড়ছে ফুটপাতে ।

 

হাতের ওপর হাত রেখেছি

ঠিক যখন—

তখন তোমার মুখে ঈষৎ হাসি

হাসির আবার রকম ফের হয়?

বদলে যায় সময় যখন তখন।

 

হাতের ওপর হাত রেখেছি

তাই বলে—

আকাশ ভেঙে পর্বে এমন অকস্মাৎ!

তখন তোমার একশো তিন জ্বর

হাতকে নিয়ে রাখলে তোমার গালে।

 

মনে পরে

অল্প নীল 

হালকা নীল 

কুয়াশাময়,

তোমার দিকে তাকিয়ে থাকতে ভয় হয়। 

 

ঘন নীল 

গাঢ় নীল 

অবয়ব,

এইমাত্র পুড়িয়ে এসেছি পুরনো সব। 

 

আবছা নীল 

ফ্যাকাসে নীল 

স্বপ্ন গুলো,

চোখের ভেতর আরেকটা চোখ দেখতে পেল। 

 

হয়ত নীল 

ঘোলাটে নীল

বৃষ্টি ঝরে,

নদীর কথা ভাবলে তোমায় মনে পরে।