ক বি তা
আরফিনা
পবিত্র আগুন, এসো
মধ্যরাতে, শ্বাসরুদ্ধ বুকের ভেতর
ক্রমশ পাথর হয়ে ওঠে
লোনা চোখ, রক্তাক্ত দেহ আর
অসহায় করিডোর। তীব্র গতিতে ছুটে আসে
রাশি রাশি আলপিন। আমাদের যাবতীয় ক্ষতের ওপর
ঝরে পড়তে থাকে।
আমরা কি ভিতরে ভিতরে সবাই অভয়া,
ছিন্নভিন্ন আর লুণ্ঠিত হতে থাকব!
চিৎকার করি। কেউ কি নেই কোথাও?
জনস্রোত ফিরিয়ে আনো
পবিত্র আগুন।
অন্ধকার পুড়ে পুড়ে
জেগে উঠুক নির্বাসন দণ্ড…
অপেক্ষা
কল্পনার মতো বাস্তবে রাজকুমার আসে না!
অনেক ধৈর্য্যের পরে বুঝতে পারি- বাস্তবে আসলে
রাজকুমারী নেই, নেই-ই।
রাজকুমারীরা বড়ো হয়ে নারী হয়ে যায়।
বুক ধড়ফড়ের অতিমারী ছেয়ে থাকে সেখানে,
সেখানে নীলাভ নগর থাকে না।
পুনর্জন্মের গূঢ়তর মিলন থাকে না!
এখানে সন্ধ্যা বিকীর্ণ হওয়ার বিজ্ঞাপন থাকে,
নীরব উৎসব কারো কারো অপেক্ষায় থাকে,
চিরজীবন…