দু টি  ক বি তা

সু প্রি য় &nbsp দে ও ঘ রি য়া

supriya

ঔদ্ধত্য

দুটো ঘোড়া ছুটল, দুটোই তীব্র।

একটা সাদা, অন্যটা কালো।
আপনার বিজ্ঞ নজর ছিল কালো ঘোড়ায়,
যদিও মাঝ পথে সাদা টপকে গেল কালো;
কালো তেজে লাফিয়ে উঠল—

আপনি কিন্তু জোর গলায়
কালোর গুণাবলী জাহির করলেন,
এবং শুধু বলেই গেলেন…
যা, যদিও একদম সত্যি!

এখন কী বলবো আপনাকে,
উদ্ধত না স্পষ্টবাদী?


চার

চায়ের দোকানের পোস্টারে চোখ পড়ল
‘লটারি কেটে মাছ ধরুন
এক ঘন্টায় চারশ টাকা’
খানিক হেসে উঠলাম,
এক ঘন্টা চারশ টাকা দিয়ে মাছ ধরবে?
ছিপ ফেলবে— যদি মাছ ধরা না দেয়!
দোকানীকে বললাম
‘কেন চারশ টাকার মাছ তো দেদার,
অত ঝুঁকির কি দরকার?’
দোকানদার হেসে বলল
‘টোপ দিয়ে চার ফেলে
ছিপে গেঁথে ফেলার আনন্দটাই আলাদা,
সে স্বাদ কী আর
মাছের আড়তে আসে?’
তখুনি দোকানের দেয়ালে আরেকটি
পোস্টার নজরে পড়ল, তাতে লেখা—
‘কাছের মানুষ চিনুন
দাদাকে ভোট দিন!’