ক বি তা

নী ল ম &nbsp সা ম ন্ত

neelam

অধৈর্য্য জ্যামিতি

মঞ্চ থেকে নেমে আসার পর আমাদের ছায়াগুলি
ভিড় করছে কামিনী বনে।
চিকন চর্যাপদের মকমকি পাতা–
সেখানে,
নাম নথিভুক্ত করার লাইনে
পৃথিবীর পেছনে চুল্লী
সামনে সিগনাল।

অধৈর্য্য জ্যামিতি–
কেউ বলে না ‘তফাৎ যাও’।

ঠাসাঠাসি, গাদাগাদির ভিড়ে গ্লাভসবন্দী হাতে
আস্ত হিমালয়–
বরফ গলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমস্ত কাতার

কে কাকে উদ্ধার করবে?

সকলেরই পেটে কৃমি, মুখে ওৎ
যেন নির্ভেজাল লড়াইয়ের মাঠ ও
মশা-মাছি, সাপ, ব্যাঙ সমেত জ্যা আঁকা হাতযশের আড়ত।