Hello Testing

মু ক্ত গ দ্য

সপ্তর্ষি মাহাত

SUBHA_ROYCHOWDHURY

মাছের রাজা রুই… রুই মাছের দুটি চটজলদি রেসিপি

‘মাছের রাজা রুই’— বাংলা সংস্কৃতিতে কেবল একটি জনপ্রিয় প্রবাদই নয়, রুই মাছের স্বাদ, পুষ্টিগুণ ও সহজলভ্যতা মাছপ্রেমী বাঙালির হেঁশেল একে প্রকৃতই রাজার মর্যাদা দিয়েছে। তবে কেবল মাছে-ভাতে বাঙালিরাই নয় পুষ্টিগুণের কারণে রুই মাছ-কে সাদরে বরণ করে নিয়েছে গোটা বিশ্ব।

আন্তর্জাতিকভাবে রুই মাছের নাম ‘রোহু’। প্রাকৃতিক ভাবে ভারত ছাড়াও পাওয়া যায় পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের মিষ্টি জলের পুকুর, হ্রদ, নদী ও নদীর মোহনাগুলিতে। স্বাদ, সহজ চাষপদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বের কারণে ও পুষ্টির ঘাটতি মেটাতে বর্তমানে শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং আফ্রিকান দেশগুলোতেও রুই মাছের চাষ হচ্ছে।

এ মাছ খেতেই কেবল সুস্বাদু নয়। গবেষণায় দেখা গিয়েছে জলীয় অংশ ৭৪.৬ শতাংশ, ক্যালসিয়াম ৬৫০ মিলিগ্রাম, পটাশিয়াম ২৮৮ মিলিগ্রাম, সোডিয়াম ১০১ মিলিগ্রাম, কলিন ৮১৯ মিলিগ্রাম, ভিটামিন সি এম সি জি, ফসফরাস, আয়রন ইত্যাদি রুই মাছে পাওয়া যায়। এর তাপমূল্য ৯৭ ক্যালরি। খাওয়ার তিন ঘণ্টার মধ্যে হজম হয়ে যায় এই মাছ। এছাড়া এ মাছ নিয়মিত গ্রহণ পুষ্টির ঘাটতি পূরণ, দৃষ্টি শক্তি বৃদ্ধি, জয়েন্টের কর্মসঞ্চলতা বৃদ্ধি, হার্ট ভালো রাখা, রক্ত প্রবাহের উন্নতি, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি সহ নানা কাজ করে। এমনকি রুই মাছ খাওয়া হৃদরোগের ঝুঁকিও কমায়।

আজ রইল রুই মাছের দুটি চট জলদি রেসিপি। চেনা মাছ আজ অচেনা রূপে…

রুই মাছের মোগলাই কারি

উপকরণ:

রুই মাছ ১ কিলো, নারিকেল দুধ ১ কাপ, পোস্তবাটা ১ চা চামচ, পেঁয়াজ (ফাইন চপ ২টি বড়ো), রসুন ৫ কোয়া (পেস্ট), টমেটো ১ টি বড়ো (ফাইন চপ), কাজুবাদাম পেস্ট ২ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ৪টি চেরা, ৪টি (পেস্ট), কাশ্মীরি লংকার গুঁড়ো ১ চা চামচ, গরম মসলা গুঁড়ো আধা চা চামচ, লবণ, চিনি, তেল, হলুদ পরিমাণ মতো, ঘি ১ টেবিল চামচ, টকদই ১ কাপ জল ঝরানো। দই, চিনি কাশ্মীরি লংকার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখতে হবে।

প্রণালী:

কড়াইতে তেল গরম করে, লবণ, হলুদ মাখানো মাছ ছাঁকা তেলে ভেজে তুলে নিতে হবে। তেলের সাথে ঘি মিশিয়ে পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে, কাজু, পোস্ত, লঙ্কা বাটা, লবণ, চিনি দিয়ে ভালো করে কষে টমেটো কুচি, দই-এর মিশ্রণ দিয়ে ভালো করে কষে তেল ছাড়লে, গরম মসলা গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে নেড়ে মশলা মাখিয়ে নারিকেলের দুধ দিয়ে স্লো ফ্লেমে রান্না করতে হবে। কাঁচা লংকা চেরা ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

রুই মাছের সাদা কোর্মা

উপকরণ:

পাকা রুই মাছ ১ কিলো, নারিকেল দুধ ২৫০ গ্ৰাম, দই ১০০ গ্ৰাম, জিরে বাটা ২ চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, কাঁচা লঙ্কা বাটা ২চা চামচ, আদা-পেঁয়াজ বাটার রস ২ টেবিল চামচ করে, লবণ, চিনি স্বাদ মতো, তেল, ঘি পরিমাণ মতো, লাল লংকা চেরা ৪টি, মাছ মাখানোর জন্য সামান্য হলুদ, কিছুটা ভাজা কাজু আধখানা করা, কিছুটা কিসমিস।

প্রণালী:

 মাছ লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজার সাথে লঙ্কা বাটা, পেঁয়াজ-আদার রস, জিরে বাটা, ধনে গুঁড়ো, দই, চিনি, লবণ মাখিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করতে হবে। কড়াইতে তেল গরম করে মাছ মাখানো মশলা কড়াইতে ঢেলে, কিসমিস দিয়ে ভালো করে কষে, তেল ছাড়লে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে এপিঠ-ওপিঠ করে নারিকেল দুধ, গরম মসলা বাটা দিয়ে ঢিমে আঁচে রান্না করতে হবে ঢাকা দিয়ে, মাছ সিদ্ধ হলে, ঝোল ঘন হলে ঘি, লাল লংকা চেরা দিয়ে নামিয়ে, ভাজা কাজু ছড়িয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *